জুলফিকার আলী শাহীন, নেত্রকোনা, জনতারআদালত.কম । ০১ অক্টোবর, ২০১৭ ।

নেত্রকোনার পূর্বধলায় বিরোধপূর্ণ পুকুরে দুর্গা প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে বাধা দেওয়ার ঘটনায় ৩জন আহত হয়েছে। এ ঘটনায় জগন্নাথ কমকর, অমিত দে ও সুবোধ সরকারসহ কয়েকজন আহত হয়েছেন। ঘটনার পর পুলিশ সিমু সাংমা (২৬) নামে এক উপজাতী যুবককে আটক করেছে। গতশনিবার রাত ৮টার দিকে উপজেলার আগিয়া ইউনিয়নের কালডোয়ার সার্বজনীন শারদীয় দুর্গোৎসব উদযাপন কমিটির উদ্যোগে আয়োজিত কালডোয়ার সরকার বাড়ি পুজামন্ডপে এ ঘটনা ঘটে।
জানা যায়, শনিবার রাত ৮টার দিকে সরকার বাড়ির দুর্গা প্রতিমা স্থানীয় একটি পুকুরে বির্সজন দিতে গেলে কালডোয়ার গ্রামের আদিবাসী মৃত নরেন্দ্র সাংমার স্ত্রী অঞ্জলী সাংমা, তার ছেলে সিমু সাংমাসহ বেশ কয়েকজন বাধা দিলে সংঘর্ষ বাধে। পুলিশ তাৎক্ষনিক পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে এবং সিমু সাংমাকে আটক করে থানায় নিয়ে আসে। উক্ত পুকুটি নিয়ে দীর্ঘ দিন যাবত মৃত নরেন্দ্র সাংমার স্ত্রী অঞ্জলী সাংমার সঙ্গে একই গ্রামের তপন সরকারের বিরোধ চলে আসছিল। এ নিয়ে আদালতে মামলা মোকদ্দমাও চলছে। তবে পুলিশ তাৎক্ষনিক বিষয়টি নিয়ন্ত্রনে আনায় দুর্গোৎসব উদযাপন কমিটির লোকজন ওই পুকুরেই শান্তিপূর্ণভাবেই প্রতিমা বিসর্জন দিয়েছেন।
পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) অভিরঞ্জন দেব জানান, রবিবার সকালে ঢাকুয়া চার্চের ফাদার সিমন হাচ্ছা ও হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ পূর্বধলা উপজেলা শাখার সভাপতি বাবু অমর চন্দ্র রায় এবং সাধারণ সম্পাদক জীবন কৃষ্ণ দের উপস্থিতিতে থানায় বিষয়টি মিমাংসা হয়েছে। আটক সিমু সাংমাকে ছেড়ে দেওয়া হয়েছে।


























