রবিউল হাসান লায়ন , জামালপুর, জনতারআদালত.কম । ২৭ সেপ্টেম্বর, ২০১৭ ।

চাউলের দাম উর্দ্ধগতি থাকায় সরকার বিশেষ বরাদ্দ দিয়ে ওএমএস এর মাধ্যমে ৩০ টাকা কেজি চাউল বিক্রয় করে আসছে ডিলারদের মাধ্যমে। গতকাল সরেজমিনে শহরের বেলটিয়ায় ডিলার মোঃ সাইফুল ইসলাম মনোহর এর ওএমএস এর দোকানে গিয়ে দেখা যায়, চাউলের জন্য ভিড় করে রেখেছে অসহায় দরিদ্র মানুষ।
তারা জানান, সরকার ৩০ টাকার বিনিময়ে চাউল দেওয়ার কারনে আমাদের অনেক সুবিধা হয়েছে। বাজারে প্রতি কেজি চাউলের মূল্য ৫০-৬০ টাকা। যার কারনে অর্ধেক মূল্যে আমরা এই চাউল নিতে এখানে এসেছি। ওএমএস এর দায়িত্বে থাকা খাদ্য পরিদর্শক ওলিউর রহমান বলেন, প্রতি শনি, সোম ও বুধবার সপ্তাহের এই তিন দিনে ডিলারদের মাধ্যমে এই চাউল বিক্রয় করা হয়। চাউল নিয়ে যেন কোন সমস্যা সৃষ্টি না হয় এর জন্য খাদ্য অধিদপ্তরের মাধ্যমে আমরা তদারকিতে নিয়োজিত আছি।

এ বিষয়ে ওএমএস ডিলার মোঃ সাইফুল ইসলাম মনোহর বলেন, সপ্তাহের তিন দিনে আমরা ৩ টন চাউল বিক্রয় করতে পারি। কিন্তু চাহিদা রয়েছে প্রতিদিন প্রায় ৩ টন। প্রতিদিনের বরাদ্দ ১ টন চাউল ২’শ পরিবারের মাঝে বিক্রয় করা হলেও চাহিদা থাকে আরও প্রায় ২’শ পরিবারের। তাদেরকে খালি হাতেই ফিরে যেতে হয়। আমার দোকানটি পৌরসভার শেষ প্রান্তে হওয়ার কারনে পাশ্ববর্তী শরিফপুর ইউনিয়ন ও কেন্দুয়া কালিবাড়ী ইউনিয়নের লোকজন আসে চাউল নিতে। কিন্তু তাদেরকে দেওয়া সম্ভব হয় না। যার কারনে প্রায়ই চাউল বিতরনের সময় তর্ক-বিতর্ক দেখা দেয় চাউল নিতে আসা লোকদের সাথে।
উর্দ্ধতন কর্তৃপক্ষ যদি এ সমস্যা সমাধানে এগিয়ে আসে তাহলে অনেক হতদরিদ্র পরিবার খুব সহজেই সরকারের এই সহযোগীতার মাধ্যমে তারাও উপকৃত হবে।


























