spot_img

রোহিঙ্গাদের জন্য চাঁদা আদায়, ৬ যুবক আটক

রবিউল হাসান লায়ন , জামালপুর , জনতারআদালত.কম । ২১ সেপ্টেম্বর, ২০১৭ ।

জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলা সদরের বালিজুড়ি হাটে বুধবার রাত ৮ সময় একটি পিকআপ গাড়িতে মাইক লাগিয়ে রোহিঙ্গা শরণার্থীদের জন্য প্রকাশ্যে চাঁদা তোলার সময় পুলিশ ছয়জন যুবকে আটক করেছে। সরিষাবাড়ী উপজেলার জাবালে নূর ফ্রেন্ডস ক্লাব নামের একটি সংগঠনের পরিচয়ে তারা অবৈধভাবে চাঁদা তুলছিল।

পুলিশ জানিয়েছে, আটক যুবকদের অধিকাংশের বাড়ি সরিষাবাড়ী উপজেলার বিভিন্ন এলাকায়। তাদের কাছ থেকে চাঁদার প্রায় ১৫ হাজার টাকা ও তিনটি চাঁদার বাক্স উদ্ধার করা হয়েছে। তাদের বহন করা পিকআপ গাড়িটিও (ঢাকা মেট্রো ন- ১৮-০৪২১) আটক করা হয়েছে। ওই পিকআপ গাড়িতে লেখা আছে- ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম। মিয়ানমার সরকারের বর্বর বাহিনীর নির্যাতনের স্বীকার, বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা মুসলমানদের সহযোগিতায় এগিয়ে আসুন। মুক্ত হস্তে দান করুন। সৌজন্যে – জাবালে নূর ফ্রেন্ডস ক্লাব, সরিষাবাড়ী, জামালপুর।

আটক চাঁদা আদায়কারী যুবকেরা হলেন, সরিষাবাড়ী উপজেলার সাতপোয়া গ্রামের মাহমুদুল হাসান (৩০) ও আপেল মাহমুদ (২৬), চর সরিষাবাড়ী গ্রামের নিশাদ (২২) এবং চর মুলবাড়ির রুকুনুজ্জামান (২৫), মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ি মিয়াসাবপাড়ার মুখলেছুর রহমান রনি (৩০) ও পিকআপ গাড়িচালক জামালপুর সদর উপজেলার হাটচন্দ্রা গ্রামের মামুন (৩০)। আটক যুবকেরা জানান, বালিজুড়ি এলাকার হেজবুল্লাহ নামের একজন যুবক তাদেরকে মাদারগঞ্জে এসে রোহিঙ্গা শরণার্থীদের চাঁদা আদায়ে উদ্বুদ্ধ করে।

এ প্রসঙ্গে মাদারগঞ্জ মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম বাংলারচিঠি ডটকমকে বলেন, রোহিঙ্গা শরণার্থীদের জন্য চাঁদা আদায়ের কথা জানতে পেরে বালিজুড়ি হাটে গিয়ে তাদেরকে চাঁদা আদায় অবস্থায় আটক করি। তিনি আরও বলেন, তারা সরিষাবাড়ী উপজেলার জাবালে নূর ফ্রেন্ডস ক্লাবের পরিচয়ে হাটে ঘুরে ঘুরে চাঁদা আদায় করছিল। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ব্যাপারে মামলা দায়ের করা হবে ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ