ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম । ১৯ সেপ্টেম্বর, ২০১৭ ।

জাতিসংঘের ৭২তম অধিবেশনের বিশ্বনেতারা সমবেত হয়েছেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথমবারের মত এই অধিবেশনের বিতর্কে অংশ নিতে স্থানীয় সময় সকালে নিউইয়র্কে পৌঁছান। পৌছানোর পর তিনি এক সৌজন্য সাক্ষাত করেন বিশ্বের ১৯৩টি দেশ থেকে আসা রাষ্ট্রপ্রধানদের সঙ্গে।
এ সময় তিনি দ্রুত সবার সঙ্গে হাত মেলান ও কুশল বিনিময় করেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এসে কুশল বিনিময়ের সময় তিনি থেমে যান এবং কথা বলেন প্রধানমন্ত্রীর সঙ্গে।
যুক্তরাষ্ট্র রোহিঙ্গা সঙ্কটে বাংলাদেশের পাশে থাকছে বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সোমবার নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে এক উচ্চ পর্যায়ের সভার ফাঁকে দুই নেতার মধ্যে এ বিষয়ে আলোচনা হয় বলে পররাষ্ট্র সচিব শহীদুল হক জানান।
শহীদুল হক সংবাদ ব্রিফিংয়ে বলেন, ‘ডোনাল্ড ট্রাম্প প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলেছেন, কীভাবে রোহিঙ্গা সংকট সমাধান করা যায় তা যুক্তরাষ্ট্র দেখবে।’
বাংলাদেশের অর্থনীতি কেমন চলছে তাও ট্রাম্প জানতে চান। এ সময় শেখ হাসিনা ‘ভাল করছে’ বললে ট্রাম্প সন্তোষ প্রকাশ করেন বলে শহীদুল হক জানান।
জাতিসংঘের সংস্কার বিষয়ে উচ্চপর্যায়ের সভার পাশাপাশি ট্রাম্পের সঙ্গে ওই পার্শ্ববৈঠক হয় শেখ হাসিনার।
হাসিনা-ট্রাম্প আলোচনা প্রসঙ্গে পররাষ্ট্র সচিব শহীদুল হক বলেন, ‘যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেছেন, মিয়ানমার ইস্যুতে আমরা তোমাদের সঙ্গে আছি। অ্যান্ড উই সি হাউ ইট ক্যান বি রিজলভড’।
ট্রাম্পের আয়োজনেই সকালে জাতিসংঘ সদর দপ্তরে হাই লেভেল মিটিং অন ইউএন রিফর্ম শীর্ষক ওই সভা অনুষ্ঠিত হয়। কয়েক যুগ ধরে প্রায় চার লাখ রোহিঙ্গার ভার বহন করে আসা বাংলাদেশের এই দফায় আরও প্রায় চার লাখ শরণার্থী প্রবেশ করেছে। রাখাইনের পরিস্থিতির উন্নতি না হলে এই সংখ্যা ১০ লাখে ঠেকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে জাতিসংঘ।


























