ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম । ৩০ আগষ্ট, ২০১৭ ।

যথাযথ মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে আগামী শনিবার সারাদেশে পবিত্র ঈদুল আযহা উদযাপিত হবে।
ঈদের দিন সকাল ৮টায় দেশের প্রধান ঈদ জামাত জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে। জাতীয় ঈদগাহে ঈদুল আযহার নামাযে ইমামতি করবেন বায়তুল মুকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান। বিকল্প ইমাম হিসেবে উপস্থিত থাকবেন ঢাকার মিরপুরস্থ জামেয়া আরাবিয়া’র শায়খুল হাদীস মাওলানা সৈয়দ ওয়াহিদুয্যামান।
ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়।
বায়তুল মুকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে ৫টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। বায়তুল মুকাররমে প্রথম জামাত সকাল ৭টা, দ্বিতীয় জামাত সকাল ৮টা, তৃতীয় জামাত সকাল ৯টা, চতুর্থ জামাত সকাল ১০টা এবং পঞ্চম ও সর্বশেষ জামাত সকাল ১০.৪৫ টায় অনুষ্ঠিত হবে। ইমামতি করবেন- প্রথম জামাতে বায়তুল মুকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম মুফতি মাওলানা মুহিব্বুল্লাহিল বাকী নদভী, দ্বিতীয় জামাতে ইসলামিক ফাউন্ডেশনের মুহাদ্দিস মাওলানা ওয়ালিয়ুর রহমান খান, তৃতীয় জামাতে ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক ড. মাওলানা মুহাম্মদ আবদুস সালাম, চতুর্থ জামাতে ইসলামিক ফাউন্ডেশনের মুফতী মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ এবং পঞ্চম ও সর্বশেষ জামাতে মহাখালী হোসাইনিয়া কামিল মাদ্রাসার প্রিন্সিপাল ড. মাওলানা নজরুল ইসলাম আল মা‘রূফ।
সুষ্ঠু ও সুন্দরভাবে ঈদুল আযহার নামায আদায়ের জন্য বায়তুল মুকাররম জাতীয় মসজিদে পর্যাপ্ত পানি ও নিশ্চিদ্র নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।


























