spot_img

আব্দুল জব্বার যুগে যুগে এদেশের কোটি প্রাণে চিরঞ্জীব হয়ে থাকবেন : তথ্যমন্ত্রী

ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম । ৩০ আগষ্ট, ২০১৭ ।

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বাংলাদেশের গানের পাখি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অজেয় কণ্ঠশিল্পী আব্দুল জব্বার যুগে যুগে এদেশের কোটি প্রাণে চিরঞ্জীব হয়ে থাকবেন।

তিনি বলেন, ‘দেশের গর্ব আব্দুল জব্বার তার হাজার হাজার হৃদয়ছোঁয়া গানের মাঝে অমর হয়ে থাকবেন। স্বাধীন বাংলা বেতারকেন্দ্র থেকে প্রচারিত এ কিংবদন্তী শিল্পীর গাওয়া গান ছিল মুক্তিযোদ্ধাদের অসীম প্রেরণা।’

রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে তথ্যমন্ত্রী শিল্পীর মরদেহে শ্রদ্ধা ও পরিবারের সদস্যদের সমবেদনা জানিয়ে উপস্থিত সাংবাদিকদের সাথে একথা বলেন।

শিল্পী আব্দুল জব্বারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, বাংলা আধুনিক গানের জগতে তিনি অদ্বিতীয়। স্বাধীনতা পদক ও একুশে পদকপ্রাপ্ত এ মহান শিল্পী যুগে যুগে এদেশের কোটি কোটি প্রাণে চিরঞ্জীব হয়ে থাকবেন।
তথ্যসচিব মরতুজা আহমদ, বিএসএমএমইউ’র পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল হারুন, শিল্পী আব্দুল জব্বারের পুত্র মিথুন জব্বারও এ সময় গণমাধ্যমের সাথে কথা বলেন। তারাও শিল্পীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন।

আগামীকাল সকাল সাড়ে ৯ টায় আগারগাঁওয়ে জাতীয় বেতার ভবনে, সকাল ১১টা থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের পর বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে শিল্পী আব্দুল জব্বারের নামাজে জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এদিকে কণ্ঠশিল্পী আব্দুল জব্বারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে তথ্যসচিব মরতুজা আহমদ বলেন, তার হাজার হাজার গান এদেশের কোটি কোটি মানুষের চিরদিনের প্রেরণা। সরকার তার স্মরণে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেবে।

তথ্যসচিব মরহুম আব্দুল জব্বারের আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

আজ রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে ৭৯ বছর বয়সে কণ্ঠশিল্পী আব্দুল জব্বার ইন্তেকাল করেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ