রবিউল হাসান লায়ন , জামালপুর ,
জনতারআদালত.কম , ৮ আগষ্ট, ২০১৭ ।

জামালপুরে মঙ্গলবার দুপুরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৮৭তম জন্মজয়ন্তী উদযাপিত হয়েছে। জামালপুরের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে।
বিশ্ববিদ্যালয়টির রেজিস্ট্রার অধ্যাপক মাসুম আলম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক মো. আক্তারুজ্জামান ও প্রভাষক শায়লা শারমিন, আইন বিভাগের তৃতীয় সেমিস্টারের শিক্ষার্থী সিরাজুল ইসলাম রনি প্রমুখ।
এ ছাড়াও অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বিভাগের ডেপুটি রেজিস্ট্রার আবু তালেব, শিক্ষা বিভাগের ডেপুটি রেজিস্ট্রার আলী আকবর ফকির, পরীক্ষা নিয়ন্ত্রক এ কে এম জাওয়াদুল হক ও রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক অমরেন্দ্র কুমার দাস উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, মহিয়ষী নারী শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক ও পারিবারিক জীবনে পরোক্ষভাবে ভূমিকা না রাখলে একাত্তুরে স্বাধীন বাংলাদেশের সৃষ্টি হতো না। বঙ্গবন্ধুর ২৪ বছরের কারাবন্দি জীবনের সময়গুলোয় এই মহিয়ষী নারী আওয়ামী লীগের রাজনীতিকে সুসংগঠিত রাখতে ব্যাপক ভূমিকা রাখতেন। নেতা-কর্মীদের সাহস দিয়েছেন যে কঠিন মুহূর্তেও কিভাবে সামনের দিকে এগিয়ে যাওয়া যায়। তিনি তার স্বর্ণালঙ্কারগুলোও বিক্রি করে যুদ্ধের জন্য খরচ করেছেন। স্বশিক্ষায় শিক্ষিত হলেও তিনি ছিলেন শিক্ষানুরাগী। দেশ, দেশের মুক্তিকামী মানুষ ও পরিবারের প্রতি গভীর মায়া-মমতা ছিল তার।
বক্তারা আরও বলেন, মহিয়ষী এই নারীর শিক্ষা ও মায়া-মমতা থেকে আজকের তরুণ প্রজন্মকে অনেক কিছু শিখতে হবে।


























