ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম , ৮ আগষ্ট, ২০১৭ ।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘সরকার বা আওয়ামী লীগ নয় বরং বিএনপির নেতাকর্মীরাই নিজেদের কর্মসূচি পণ্ড করছেন।’
মঙ্গলবার সকালে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৮৭তম জন্মবার্ষিকী উপলক্ষে বনানী কবরস্থানে নেতাকর্মীদের নিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, তাদের (বিএনপির) অভিযোগ ভিত্তিহীন। তারাতো বিভিন্ন জায়গায় কর্মসূচি দিচ্ছে, কিন্তু সেখানে তারা তাদের নেতাদের সামনে নিজেরাই দ্বন্দ্ব-সংঘাত করে কর্মসূচি পণ্ড করছে। সরকার বা আওয়ামী লীগ তাদের বাধা দিচ্ছে না।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ভুয়া জন্মদিনের নামে ১৫ আগস্ট কেক কাটেন। এটাকে আমরা ঘৃণা করি। ভুয়া জন্মদিন পালন না করতে আমরা তাকে আহ্বান জানাচ্ছি।’
ওবায়দুল কাদের বলেন, ‘পর্দার আড়ালের বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব ছিলেন একজন সংগ্রামী নারী। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু হয়ে উঠার পেছনে তার অসামান্য অবদান রয়েছে।’
এ সময় তিনি বঙ্গবন্ধু ও বঙ্গমাতার আদর্শকে হৃদয়ে ধারণ করতে নেতাকর্মীদের আহ্বান জানান।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ১৯৩০ সালের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সম্ভ্রান্ত শেখ পরিবারে তার জন্ম। তার বাবা শেখ জহুরুল হক ও মা হোসনে আরা বেগম। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার মা। ১৯৭৫ সালের ১৫ আগস্টের কালরাতে বঙ্গবন্ধু এবং পরিবারের অন্য সদস্যদের সঙ্গে ঘাতকের বুলেটে তিনিও শহীদ হন।


























