নিজস্ব সংবাদদাতা , জনতারআদালত.কম , ৩১ জুলাই, ২০১৭ ।

রাজধানীর বাড্ডা এলাকায় চার বছরের এক শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগ করেছে পরিবারের সদস্যরা। ওই শিশুর নাম তানহা। গতকাল রবিবার সন্ধ্যায় মধ্যবাড্ডার ৪ নম্বর রোড এলাকার আদর্শনগরির ৩৬০ নম্বর বাসার বাথরুমের সামনে এ ঘটনা ঘটে। খবর পেয়ে বাড্ডা থানা পুলিশ লাশটি উদ্ধার করেছে। তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা জানা যায়নি।
রোববার রাত সাড়ে ১০টায় বাসায় গিয়ে দেখা গেছে, একমাত্র মেয়ের লাশ সামনে নিয়ে বসে আছেন মা সুলতানা বেগম। কাঁদতে পারছেন না। কথা বলতেও কষ্ট হচ্ছে। শুধু বলছেন, আমার কী হতে কী হল। এখন আমি বাঁচব কাকে নিয়ে ?
জানা গেছে, তানহার বাবা মেহেদী হাসান প্রাইভেটকার চালক। মা সুলতানা বেগম গৃহিণী। তারা একমাত্র মেয়ে তানহাকে নিয়ে থাকেন মধ্যবাড্ডার আদর্শনগর এলাকার মিনহাজ মিয়ার বাড়ি।
ঘটনাস্থলে উপস্থিত বাড্ডা থানার এসআই আব্দুল কাদের জানান, ধর্ষণের পর হত্যা করা হয়েছে। প্রাথমিকভাবে ধর্ষণের আলামত পাওয়া গেছে। ময়নাতদন্তের পর বিস্তারিত বলা যাবে। কে বা কারা করেছে এমন প্রশ্নের জবাবে তিনি জানান, এখনও এ বিষয়ে কিছু জানা যায়নি।


























