ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম ।।
আজ রোববার জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানিয়েছেন, আগামী ১১ আগস্ট থেকে চলমান বিধিনিষেধ ধাপে ধাপে শিথিল হবে। সেই সঙ্গে দোকানপাট, ব্যবসাপ্রতিষ্ঠান ও গণপরিবহণও আস্তে আস্তে চালু হবে। অল্প জনবল নিয়ে খোলা থাকবে সরকারি-বেসরকারি অফিস-আদালত ।
প্রতিমন্ত্রী বলেছেন, অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখতে ও নিম্নআয়ের মানুষের কথা চিন্তা করে বিধিনিষেধ ধাপে ধাপে শিথিল করা হবে। এ বিষয়ে প্রধানমন্ত্রী চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন। সোমবারের (৯ আগস্ট) মধ্যে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে।
প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে করোনা সংক্রমণ কমে এলেও মৃত্যুর হার কমেনি। এরপরেও জীবন-জীবিকার তাগিদে ও অর্থনৈতিক বিষয়টি চিন্তায় রেখে আগামীতে দোকানপাট যেহেতু খুলতে হবে- সবাই যাতে স্বাস্থ্যবিধি মানে সেদিকে আমাদের জোর থাকবে। গতকাল থেকে গণটিকা চালু করেছি, এটি ১২ তারিখ পর্যন্ত চলমান থাকবে। আমরা টিকা কার্যক্রমের মধ্যে যারা দোকানদার, যাদের বাইরে যেতে হয়, ইমাম-মুয়াজ্জিন, ড্রাইভার-হেল্পারদের প্রায়োরিটি দিয়েছি। ধাপে ধাপে সীমিত পরিসরে শিথিল করার চিন্তা আছে।
ফরহাদ হোসেন বলেন, মানুষকে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানাতে পাড়া ও মহল্লায় কমিটি করে দেওয়া হবে। সামাজিকভাবে মানুষকে সচেতন করতে এ কমিটি কাজ করবে।
নভেল করোনাভাইরাসের ঊর্ধ্বগতি রোধে চলমান বিধিনিষেধ (লকডাউন) আগামী ১০ আগস্ট মধ্যরাত পর্যন্ত চলবে। করোনা পরিস্থিতর অবনতি হওয়ায় গত ২৩ জুলাই থেকে বিধিনিষেধ চলছে।


























