ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম ।।
বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের গুরুদাসপুর উপজেলার কাছিকাটা বাসস্ট্যান্ড এলাকায় নাটোর থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে ৬ জন নিহত হয়েছেন। আজ রোববার দুপুর দেড়টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
বনপাড়া হাইওয়ে থানার ওসি মোজাফফর হোসেন জানান, ঢাকায় যাওয়ার উদ্দেশ্যে নাটোরের বনপাড়া বাইপাস থেকে বেলা ১ টার দিকে একটি মিনি পিকআপ ভ্যান (ঢাকা মেট্রো ন-১৭-৮৪৩৫) যাত্রী নিয়ে রওনা হয়। পথে কাছিকাটা বাসস্ট্যান্ড এলাকায় ওভারটেক করার সময়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়।
দুর্ঘটনায়স্থলে নাটোর ফায়ার সার্ভিসের কর্মীরা উপস্থিত হয়ে ৫ জনের মরদেহ উদ্ধার করে। পিকআপের আহত ৬ যাত্রীকে উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে সেখানে আরো ১ জনের মৃত্যু হয়।
আহতদের মধ্যে আশংকাজনক অবস্থায় একজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন নাটোর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আসাদুজ্জামান। নিহতদের মরদেহ বনপাড়া হাইওয়ে থানায় রাখা হয়েছে। নিহতদের পরিচয় এখনো জানা যায়নি।
নাটোরের জেলা প্রশাসক শামীম আহমেদ, পুলিশ সুপার লিটন কুমার সাহা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।


























