মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও ,
জনতারআদালত.কম , ২৩ জুলাই, ২০১৭ ।

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দিনদুপুরে সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে আজিজুর রহমান (২৮) নামে গ্রামীণ ফোন কর্মী গুরুতর আহত এবং ছিনতাইয়ের শিকার হয়েছে। আহত আজিজুর রহমান বর্তমানে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। আহত আজিজুর রহমান ঠাকুরগাঁও সদর উপজেলার নারগুন গ্রামের হাইদার আলীর ছেলে এবং গ্রামীণ ফোনের সেলস্ এক্সিকিউটিভ পদে কর্মরত আছেন। সম্প্রতি শনিবার (২২ জুলাই) দুপুর ২টার সময় বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়নের স্কুল বাজারের পার্শ্বে তেরিয়ালী নামক স্থানে এ ঘটনা ঘটে। হাসপাতালে জ্ঞান ফিরার পর আজিজুর রহমান জানান, অফিসের কাজ শেষ করে স্কুল হাট হতে বালিয়াডাঙ্গীর উদ্দেশ্যে আসার সময় অপরিচিত দুই সন্ত্রাসী কাল রঙের এপাচি-১৫০ সিসি গাড়ী নিয়ে তেরিয়ালী নামক স্থানে আমার চলার গতিরোধ করে এবং তাদের হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে আমাকে আঘাত করে। আমি মাটিতে পড়ে গেলে সন্ত্রাসীরা ব্যাগে থাকা নগদ টাকা, মোবাইলের রিচার্জ কার্ড, একটি ট্যাবসহ প্রায় লক্ষাধিক টাকার জিনিসপত্র নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। উদ্ধারকারীর ফরহাদ হোসেন জানান, আমাকে মোবাইল ফোনে ছিনতাইয়ের সংবাদ দিলে আমি ঘটনাস্থল থেকে আজিজুরকে অজ্ঞান অবস্থায় বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসি। এ বিষয়ে বালিয়াডাঙ্গী থানার পরিদর্শক মিজানুর রহমানের নিকট জানতে চাইলে তিনি ওই ঘটনা তদন্তের দায়িত্বে থাকা এসআই নরুল ইসলামের নিকট খবর নেওয়ার পরামর্শ দেন। কিন্তু এসআই নুরুল এ বিষয়ে কোন বক্তব্য দিতে রাজি হয়নি। সন্ত্রাসীদের ছিনতাই ঘটনার পর হতে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে। ঘটনার পর হতে সন্ত্রাসীদের এমন কর্মকান্ডের ভয়ে অনেকেই বাড়ী হতে বাহির হচ্ছে না বলে জানান স্কুল হাটের কয়েক ব্যক্তি।


























