ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম । ১৭ নভেম্বর, ২০১৭ ।

যশোর কেন্দ্রীয় কারাগারে বৃহস্পতিবার রাত ১১ টা ৪৫ মিনিটে হত্যা মামলার দুই আসামির ফাঁসি কার্যকর করা হয়েছে। চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ইউপি মেম্বার মনোয়ার হোসেন হত্যা মামলায় তাদের ফাঁসি কার্যকর করা হয়। আসামিরা হলো- আলমডাঙ্গা উপজেলার দুর্লভপুর গ্রামের আরশেদ সরদারের ছেলে গোলাম রসূল ঝড়ু ও (৬৫) ও মুরাদ আলীর ছেলে মকিম হোসেন (৫৫)।
যশোর কেন্দ্রীয় কারাগারের সুপার কামাল হোসেন বলেন, ‘সোয়া ১১টার দিকে জেলা প্রশাসক, পুলিশ সুপার ও সিভিল সার্জন কারাগারে প্রবেশ করেন। পৌনে ১২টায় দুই আসামির ফাঁসি কার্যকর করা হয়।’
এরা দুজন চরমপন্থি দল পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির সদস্য ছিলেন।
মৃত্যুদণ্ড কার্যকরের সময় উপস্থিত ছিলেন যশোরের জেলা প্রশাসক আশরাফ উদ্দিন, পুলিশ সুপার আনিসুর রহমান ও সিভিল সার্জন দিলিপ কুমার রায়। এর আগে কারাগার মসজিদের পেশ ইমাম তাদেরকে তওবা পড়ান।
কারা কর্মকর্তা কামাল জানান, কারাগারে ময়নাতদন্ত শেষে ঝড়ুর ছেলে তরিকুল ইসলাম এবং মোকিমের ছেলে মোকলেস নিজ নিজ বাবার মরদেহ বুঝে নিয়েছেন।
আলমডাঙ্গা উপজেলার দুর্লভপুর গ্রামের বাসিন্দা ও তৎকালীন ইউপি মেম্বার মনোয়ার হোসেন ১৯৯৪ সালের ২৮ জুন খুন হন । হত্যার ঘটনায় আসামী ঝড়ু ও মকিমের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের হয়। দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় ২০০৮ সালের ১৭ এপ্রিল দুই আসামিকে ফাঁসির আদেশ দেন চুয়াডাঙ্গার জেলা ও দায়রা জজ আদালত।
পরে রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টে আপিল করে দণ্ডিত দুই আসামি। হাইকোর্ট ফাঁসির রায় রাখলে সুপ্রিম কোর্টে আপিল করে আসামিরা। সুপ্রিম কোর্ট নিম্ন আদালতের রায় বহাল রাখেন। পরে আসামীরা রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষার আবেদন করলে তা প্রত্যাখ্যান হয়।


























