ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম । ৫ নভেম্বর, ২০১৭ ।

ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ কৃষি প্রণোদনার আওতায় পাবনার ঈশ্বরদী উপজেলার ১হাজার ৪৫৪ জন কৃষকের মাঝে বিনামূল্যে ১৫ লাখ টাকার কৃষি উপকরণ বিতরণ করেছেন।
অপরদিকে একই দিনে তিনি এ উপজেলার পাকশী নর্থ পেপার মিল উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ভবন ও ডিজিটাল ক্যাম্পাস উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী বলেন, শিক্ষাবান্ধব বর্তমান সরকার ক্রমান্বয়ে দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে ডিজিটাল ক্যাম্পাস হিসেবে গড়ে তুলতে কাজ করে যাচ্ছে।
ঈশ্বরদী উপজেলা মিলনায়তনে শনিবার সকালে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে কৃষকদের মাঝে যেসব কৃষি উপকরণ বিতরন করা হয়,সেগুলোর মধ্যে রয়েছে সরিষা, খেসারী, ভূট্টা, বিটিবেগুন, গ্রীষ্মকালীন মুগ ও তিল।
বস্তা ভাঙ্গার বিড়ম্বনা এড়াতে পাঁচ জন ও দশ জন কৃষকের দল তৈরি করে এসব উপকরণ বিতরণ করা হয়।
এ সময় ভূমিমন্ত্রী বলেন, কৃষক-বান্ধব শেখ হাসিনার সরকার কৃষি খাতে দুর্নীতি বন্ধে কঠোর অবস্থান নিয়েছে। তিনি বলেন,‘দুর্নীতি করা যাবে না,আওয়ামী লীগের কোনো সদস্য দুর্নীতির সাথে জড়িত থাকলে তাকে দল থেকে বহিষ্কার করা হবে। সরকারি চাকরিজীবী হলে তাকে চাকরিচ্যুত করা হবে।’
মন্ত্রী এ অনুষ্ঠানে নারীদের উদ্দেশে বলেন.আপনারাও কৃষি কাজে এগিয়ে আসুন।
সরকার ২ লাখ ৩১ হাজার কৃষককে সম্পূর্ণ বিনামূল্যে বিভিন্ন প্রকার বীজ ও সার বিতরণ করেছে উল্লেখ করে দিলু বলেন,এই সরকার বিগত অর্থবছরে ৬ হাজার ৪২৫ কোটি ৫১ লাখ ৩২ হাজার টাকার সার, বিদ্যুৎ এবং বিভিন্ন কৃষি উপকরণ ভর্তুকি হিসেবে প্রদান করেছে। চলতি বাজেটে ভর্তুকি হিসেবে ৯ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে বলে তিনি জানান।
ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার নাছরিন আক্তারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে ঈশ্বরদী উপজেলা পরিষদের চেয়ারম্যান মকলেছুর রহমান ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ বিভূতি ভূষণ সরকার অনুষ্ঠানে বক্তৃতা করেন।
এছাড়াও নর্থ বেঙ্গল পেপার মিল স্কুল ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী নারীদের সকল ক্ষেত্রে যোগ্যতার পরিচয় দিয়ে এগিয়ে আসার আহ্বান জানান।
শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অধীনে পাকশী নর্থ বেঙ্গল পেপার মিল উচ্চ বিদ্যালয়ের নতুন ভবন নির্মিত হয়েছে।


























