spot_img

খালেদা জিয়া ত্রাণ বিতরণের নামে নাটক সৃষ্টি করতে কক্সবাজার গেছেন : খাদ্যমন্ত্রী

ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম । ২৯ অক্টোবর, ২০১৭ ।

খাদ্যমন্ত্রী এ্যাভোকেট কামরুল ইসলাম বলেছেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া রোহিঙ্গাদের ত্রাণ বিতরণের নামে নাটক সৃষ্টি করতে কক্সবাজার গেছেন।

আজ রোববার ‘বাংলাদেশ খাদ্য আইন-২০১৩ বাস্তবায়ণে জনসচেতনতা’ শীর্ষক কর্মশালায় উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য কর্নেল (অব.) ফারুক খান।

দিনব্যাপী কর্মশালায় জেলার বিভিন্ন অফিসের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, খাদ্য ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেন।

খাদ্যমন্ত্রী বলেন, সম্প্রতি আদালত সাক্ষ্য প্রমাণ শেষে ২৪২ ধারায় খালেদা জিয়ার জবানবন্দি রেকর্ড করেছেন। আদালতে খালেদা জিয়া তার জবানবন্দি না দিয়ে রাজনৈতিক বক্তৃতা দিয়েছেন। আর এ কাজ করে তিনি আদালতের অনুকম্পা পাওয়ার চেষ্টা করেছেন। কিন্তু আদালতের হাত-পা বাঁধা, আদালত কাউকে অনুকম্পা দিতে পারেন না।

তিনি বলেন, আমরা জনগণের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করেছি। আর মানুষের মৌলিক অধিকার নিরাপদ খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে খাদ্য উৎপাদন থেকে শুরু করে খাবার টেবিল পর্যন্ত আমরা খাদ্যের নিরাপত্তা নিশ্চিত করতে চাই। এ জন্য আমরা কাজ করে যাচ্ছি।

গোপালগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকারের সভাপতিত্বে কর্মশালায় আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য কর্নেল (অব.) ফারুক খান, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ মাহফুজুল হক, গোপালগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সভাপতি এমদাদুল হক চৌধুরী, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য প্রফেসর ড. মো. ইকবাল রউফ মামুন প্রমুখ বক্তব্য রাখেন।

ফারুক খান বলেন, বাঙালী জাতিকে পিছিয়ে দিতে বিএনপি-জামায়াত প্রতিবন্ধকতা সৃষ্টি করেছেন। রোহিঙ্গাদের ত্রাণ বিতরণকে খালেদা জিয়া রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করেছেন। তাই তিনি রোড শো করে ত্রাণ বিতরণ করতে কক্সবাজার যাচ্ছেন।

তিনি বলেন, খালেদা জিয়া যদি সত্যিকার ত্রাণ বিতরণ করতে যেতেন তাহলে ঢাকা থেকে প্লেনে গিয়ে ত্রাণ বিতরণ করে ফিরে আসতেন। কিন্তু তিনি তা না করে গাড়ি বহর নিয়ে যাওয়ায় ঢাকা-চট্টগ্রাম রাস্তায় যানজটের সৃষ্টি করেছেন। তিনি হয়তো এক শত লোককে ত্রাণ বিতরণ করবেন, কিন্তু ১০ লাখ লোকের ত্রাণ বিতরণে বিঘ্ন সৃষ্টি করবেন।
এর আগে ‘বাংলাদেশ খাদ্য আইন-২০১৩ বাস্তবায়ণে জনসচেতনতা’ সৃষ্টি করতে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা শিশু একাডেমিতে গিয়ে শেষ হয়।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ