ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম । ২৪ অক্টোবর, ২০১৭ ।

প্রত্যাশামতোই লায়োনেল মেসি এবং নেইমারকে পিছনে ফেলে ফিফার বর্ষসেরা ফুটবলারের সম্মান পেলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ফিফার অনুমোদিত দেশগুলির কোচ ও অধিনায়ক এবং আমন্ত্রিত সাংবাদিকদের ভোটে পর্তুগিজ মহাতারকাটি পঞ্চমবার এই খেতাব পেলেন।
২০০৮ সালে প্রথমবার বর্ষসেরা হয়েছিলেন রোনাল্ডো। এরপর ২০১৩, ২০১৪ এবং ২০১৬ সালে তিনি এই পুরস্কার পান। উল্লেখ্য, এবার ফিফার বর্ষসেরা হয়ে রোনাল্ডো স্পর্শ করলেন মেসির রেকর্ড। দু’জনেই পাঁচবার করে এই সম্মান পেয়েছেন। উল্লেখ্য, ২০০৮ থেকে ফিফার বর্ষসেরা খেতাব ভাগ করে নিয়েছেন বিশ্ব ফুটবলের এই দুই মহাতারকা।
লন্ডনের ঐতিহ্যমণ্ডিত প্যালাডিয়ামে জাঁকজমক পূর্ণ অনুষ্ঠানে রোনাল্ডোর হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়। গত বছরের ২০ নভেম্বর থেকে চলতি বছরের ২ জুলাই পর্যন্ত পারফরম্যান্সের নিরিখে পর্তুগিজ মহাতারকাটি পিছনে ফেললেন আর্জেন্তাইন মেসি এবং ব্রাজিলিয়ান নেইমারকে। ফিফার বর্ষসেরা কোচের সম্মান পেলেন জিনেদিন জিদান। তিনি রিয়াল মাদ্রিদকে স্প্যানিশ লা লিগা, ফিফা ওয়ার্ল্ড ক্লাব কাপ এবং উয়েফা চ্যাম্পিয়নস লিগ খেতাব জিতিয়েছিলেন।
২০১৬-১৭ মরসুমে সেরা গোলের স্বীকৃতি পেয়েছেন আর্সেনালের অলিভার জিরু। তাঁর দুরন্ত ব্যাক হিল সেরা গোলের স্বীকৃতি পায়। সেরা ফ্যান ক্লাব পুরস্কার পেয়েছে স্কটল্যান্ডের ক্লাব সেলটিক। এছাড়া ফিফার বর্ষসেরা গোলরক্ষকের সম্মান পেয়েছেন জুভেন্তাস ও ইতালির প্রবাদপ্রতিম গোলরক্ষক গিয়েন লুইগি বুফোঁ। এছাড়া ফিফার বর্ষসেরা একাদশে আপ ফ্রন্টে রয়েছেন নেইমার, মেসি এবং রোনাল্ডো। চার ডিফেন্ডার হলেন মার্সেলো, লিওনার্দো বোনুচ্চি, সের্গিও র্যামোস ও ড্যানি আলভেস। মাঝমাঠে আন্দ্রে ইনিয়েস্তা, টনি ক্রজ, লুকা মুডরিচ। গোলে বুফোঁ।


























