spot_img

মানবিক ও ন্যায়বিচারের স্বার্থে রোহিঙ্গাদের পাশে দাঁড়ান: রানি রানিয়া

ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম । ২৩ অক্টোবর, ২০১৭ ।

জর্ডানের রাণী রানিয়া আল আবদুল্লাহ বলেছেন, কেবল মানবিক কারণে নয়, ন্যায় বিচারের স্বার্থে রোহিঙ্গাদের পাশে দাঁড়ানো উচিত। সোমবার কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

এসময় তিনি রোহিঙ্গা মুসলিমদের উপর জাতিগত নিধনকে বিশ্বের সবচেয়ে জঘন্যতম বর্বরতম ঘটনা বলে আখ্যায়িত করেন। তিনি বিশ্ববাসীকে রোহিঙ্গাদের পাশে দাঁড়ানোর অনুরোধ করেছেন। পাশাপাশি মিয়ানমারের গণহত্যার বিরুদ্ধেও বিশ্ববাসীকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

তিনি আরো বলেন, তথ্যমতে- কক্সবাজারের এ এলাকায় এখন স্থানীদের চেয়ে আশ্রিতদের সংখ্যা দ্বিগুণ। এতে বুঝা যায়, নিজেদের নানা দিকে ক্ষতির পরও নির্যাতিত রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে বাংলাদেশ। যা বিশ্ব দরবারে প্রশংসা কুড়িয়েছে।

তিনি নিপীড়িত মানবতা রক্ষায় বাংলাদেশের পাশে দাঁড়াতে সবার প্রতি অনুরোধ করে বলেন, আশ্রিতদের অধিকাংশই নারী-শিশু ও বৃদ্ধ। জাতিসংঘের উচিত এদের বিশেষ যত্ন নেয়া। পাশাপাশি রোহিঙ্গাদের সম্মানজনক প্রত্যাবাসনে নিরলস কাজ চালাতে জাতিসংঘের প্রতি অনুরোধ জানান তিনি।

বেলা ১১টার দিকে বিমানে করে ঢাকা থেকে কক্সবাজার আসেন রানি। এরপর কুতুপালং শরণার্থী শিবিরে গিয়ে কয়েকটি জায়গা ঘুরে দেখার পাশাপাশি রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন তিনি। পর্যবেক্ষণ করেন আন্তর্জাতিক উন্নয়ন সংস্থাগুলোর কার্যক্রম।

শিবির পরিদর্শন শেষে তিনি কুতুপালং আইওএম-এর অস্থায়ী হাসপাতালে সংবাদ সম্মেলনে অংশ নিয়ে রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ায় বাংলাদেশ সরকার ও জনগণের প্রশংসা করেন।
বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম চৌধুরী, মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, আশেক উল্লাহ রফিক, কক্সবাজার জেলা পরিষদ চেয়ারম্যান মোস্তাক আহমদ চৌধুরী, জেলা প্রশাসক মো. আলী হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল মোস্তফাসহ জর্দান দূতাবাস ও আন্তর্জাতিক সংস্থার কর্মকর্তারা রানির সঙ্গে ছিলেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ