বরিশাল প্রতিনিধি , জনতারআদালত.কম । ২২ অক্টোবর, ২০১৭ ।

জেলার চরবাড়িয়া এলাকায় কীর্তনখোলার ভাঙ্গন বন্ধে ৩৩১ কোটি টাকা ব্যয়ে বাঁধ নির্মাণের কাজ শুরু হতে যাচ্ছে। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ‘চরবাড়িয়া রক্ষা প্রকল্প’ গত ১৭ অক্টোবর মঙ্গলবার একনেকের সভায় প্রকল্পটি অনুমোদন দেয়া হয়। এতে করে রক্ষা পাবে এখানকার ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট, জাহাজ নির্মাণ শিল্পসহ ফসলি জমি, বসত ঘর ও বহু স্থাপনা। তাই প্রকল্প অনুমোদনের মাধ্যমে স্থানীয়দের দীর্ঘদিনের দাবি পূরণ হচ্ছে।
পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, দীর্ঘদিন ধরে সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের বেলতলা, লামছাড়িসহ বিশাল এলাকাজুড়ে ভাঙ্গন দেখা দেয়। অব্যাহত ভাঙ্গনে ইতোমধ্যে নদী গর্ভে বিলীন হয়েছে বহু স্থাপনা, বসত বাড়ি ও ফসলি জমি। হুমকির মধ্যে রয়েছে বরিশাল সিটি কর্পোরেশন’র পানি শোধানাগার ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট, বেলতলা ডকইয়ার্ড, চরবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়, লামচড়ি সড়কসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা।
পাউবো’র নির্বাহী প্রকৌশলী আবু জাফর বাসস’কে জানান, প্রকল্প অনুযায়ী কীর্তনখোলা নদী তীরের ৪ দশমিক ৭ কিলোমিটার এলাকায় বাঁধ নির্মান করা হবে। বেলতলা সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের দক্ষিণ পাশ থেকে বাঁধ নির্মাণ কাজ শুরু করা হবে। প্রকল্পটি বাস্তবায়নে আরো কয়েটি ধাপ অপেক্ষা করতে হবে।
তিনি আরো বলেন, এই প্রকল্পটি ছাড়াও আরো ৮টি নদী ভাঙ্গন প্রতিরোধ প্রকল্প অপেক্ষমান রয়েছে। এসব প্রকল্প পরিকল্পনা কমিশনে যাছাই-বাছাই পর্যায় রয়েছে। আর ‘চরবাড়িয়া রক্ষা প্রকল্প’ বরিশালে নদী ভাঙ্গন প্রতিরোধে এ পর্যন্ত সবচেয়ে বৃহৎ প্রকল্প।
এদিকে সদর উপজেলার মানুষের প্রাণের দাবি ছিলো কীর্তনখোলার ভাঙ্গন থেকে মুক্তি পাওয়া। অবশেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নদী তীর রক্ষায় ৩৩১ কোটি টাকা অনুমোদন দেয়ায় তারা আনন্দ ও উচ্ছাস প্রকাশ করেছেন। সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু সকলের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান


























