ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম । ১৭ সেপ্টেম্বর, ২০১৭ ।

মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গাদের ওপর সেনাবাহিনীর বর্বরতা রোধে গণতন্ত্রীপন্থী নেত্রী অং সান সুচিকে শেষ সুযোগ দেয়া হয়েছে বলে হুশিয়ারি জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।
রোহিঙ্গা পরিস্থিতির ভয়াবহতা নিয়ে উদ্বেগ জানিয়ে তিনি বলেন, সুচি এখনই কোনো ব্যবস্থা না নিলে পরিস্থিতি ভয়ংকর হবে। খবর বিবিসির।
জাতিসংঘ মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর নির্যাতনকে ‘জাতিগত হত্যাযজ্ঞ’ উল্লেখ করে তা বন্ধে বারবার সতর্ক করে আসছে।
তবে মিয়ানমার কর্তৃপক্ষ সেনাবাহিনীর অভিযানকে সন্ত্রাসবাদবিরোধী বলে আখ্যা দিয়ে এতে কোনো বেসামরিক লোক ক্ষতিগ্রস্ত হচ্ছে না বলে দাবি করেছে।
বিবিসির হার্ড টক প্রগ্রাম এর সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আগামী মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর নিজ জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার সময়ই সু চিকে রোহিঙ্গা নিধন বন্ধের আদেশ দিতে হবে। যদি তিনি রোহিঙ্গা নিধন বন্ধ না করেন তাহলে পরিস্থিতি আরো ভয়াবহ হবে। আর এর ফলে দুর্ভাগ্যক্রম ভবিষ্যতে আমি পরিস্থিতি আগের মতো হওয়ার সম্ভাবনা দেখছি না। ‘ তিনি জোর দিয়ে বলেন, ‘রোহিঙ্গাদের নিজ ঘরে ফিরে যেতে দিতে হবে। ‘
তিনি এও পরিষ্কার করে বলেন, মিয়ানমারের সেনাবাহিনীই এখনো দেশটির নিয়ন্ত্রণে রয়েছে। আর রাখাইনে রোহিঙ্গাদের ওপর জাতিগত নিধনযজ্ঞেরও মূল হোতা তারা।
এই দমন-পীড়নে যে রোহিঙ্গারা দেশান্তরী হতে বাধ্য হয়েছে, তাদের নিজেদের ঘরে ফেরার সুযোগ দিতে আবারও আহ্বান জানান তিনি।


























