spot_img

৬টি অধ্যাদেশ, ৩টি প্রস্তাব ও রমজানের অফিস সময়সূচি অনুমোদন দিয়েছে সরকার

ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম ।। 

উপদেষ্টা পরিষদ সাপ্তাহিক বৈঠকে ৬টি অধ্যাদেশ এবং ৩টি প্রস্তাব অনুমোদন দিয়েছে। বৈঠকে ২০২৪ সালের আগস্ট থেকে অন্তর্বর্তী সরকারের কার্যক্রমের পারফরম্যান্স নিয়েও আলোচনা হয়।

আজ বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের জানান, বৈঠকে মোট ৩৪৮টি এজেন্ডা উপস্থাপন করা হয় এবং এসবের মধ্যে উল্লেখযোগ্য ৬টি অধ্যাদেশ চূড়ান্ত অনুমোদন পেয়েছে।

অনুমোদিত অধ্যাদেশগুলো হলো—কর্মক্ষেত্র ও শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধ অধ্যাদেশ ২০২৬, পারিবারিক সহিংসতা প্রতিরোধ অধ্যাদেশ ২০২৬, বাংলাদেশ গ্যাস (সংশোধন) অধ্যাদেশ ২০২৬, ডাক সেবা / পোস্টাল সার্ভিস অধ্যাদেশ ২০২৬, বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশন অধ্যাদেশ ২০২৬, বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার ট্রাস্ট (সংশোধন) অধ্যাদেশ ২০২৬।

শফিকুল আলম বলেন, বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার সংশোধন অধ্যাদেশ অনুমোদনের ফলে এ পুরস্কারের নাম জাতীয় কৃষি পুরস্কার হিসেবে পরিবর্তিত হবে।

প্রেস সচিব আরও জানান, উপদেষ্টা পরিষদ এলপিজি (তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস) করকাঠামো পুন:নির্ধারণ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন করেছে। প্রস্তাব অনুযায়ী, স্থানীয় উৎপাদন ও ব্যবসায়িক পর্যায়ে ৭.৫ শতাংশ ভ্যাট এবং আমদানির সময় ২ শতাংশ অগ্রিম কর বাতিল করে, আমদানির সময় এককভাবে ৭.৫ শতাংশ ভ্যাট আরোপ করা হবে। এর ফলে এলপিজিতে করভার কমবে এবং স্থানীয় বাজারে এর দাম আরও কমার সম্ভাবনা রয়েছে।

উপদেষ্টা পরিষদ আরও একটি প্রস্তাব অনুমোদন করেছে, যার মাধ্যমে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের আওতায় আরবান সেফটি অ্যান্ড রিজিলিয়েন্স ইনস্টিটিউট (ইউএসআরআই) বাংলাদেশ নামে  একটি প্রতিষ্ঠানকে পাবলিক ট্রাস্ট হিসেবে প্রতিষ্ঠা করা হবে। ভবিষ্যতে প্রতিষ্ঠানটির নাম পরিবর্তিত হতে পারে বলে জানান প্রেস সচিব। তবে প্রতিষ্ঠান গঠনের প্রস্তাব অনুমোদিত হয়েছে।

এছাড়া, বৈঠকে আগামী পবিত্র রমজান মাসে অফিস সময়সূচি নির্ধারণ সংক্রান্ত একটি প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, রমজানে অফিস সময় হবে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত। জোহরের নামাজের জন্য দুপুর ১টা থেকে ১টা ১৫ মিনিট পর্যন্ত ১৫ মিনিটের বিরতি থাকবে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ