ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম । ২৯ সেপ্টেম্বর, ২০১৭ ।

পচেফস্ট্রুম টেস্টের প্রথম ইনিংসে ৭ উইকেট হাতে রেখেই দক্ষিণ আফ্রিকার রানের পাহাড়। জবাবে ব্যাটিংয়ে নামার আগেই ধাক্কা খায় বাংলাদেশ। আইসিসির নিয়মের ফাঁদ এবং দক্ষিণ আফ্রিকার কৌশলের কারণে ওপেনিংয়ে নামতে পারেননি তামিম ইকবাল।
শুরুতেই ইমরুল কায়েস বিদায় নেয়ায় চাপে পড়ে যায় বাংলাদেশ। ঘুরে দাঁড়ানোর আগেই লিটন দাস বিদায় নিলে সেই চাপ আরো বেড়ে যায়। দুই উইেকেটের পতনের পরও নিয়মের মারপ্যাচে পড়ে ব্যাটিংয়ে নামতে পারেননি তামিম। টাইগার শিবিরে দুর্যোগের ঘনঘটা।
এমন প্রতিকূল পরিস্থিতিতে দারুণ এক জুটি গড়েন মুমিনুল হক ও মুশফিকুর রহীম। এই দুজনের ব্যাটে আলোর দেখা পায় বাংলাদেশ। তবে শেষ বেলায় মুশফিকের বিদায় সেই আলো কিছুটা ম্রিয়মান হয়ে পড়ে।
এর আগে ৪৯৬ রানে প্রথম ইনিংস ঘোষণা করে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফাফ ডু প্লেসিস। দ্বিতীয় দিনের চা বিরতির আগে ৩ উইকেটের বিনিময়ে ৪৯৬ রান তুলে বিরতিতে যায় প্রোটিয়ারা। এরপরই ইনিংস ঘোষণা করে দ.আফ্রিকার অধিনায়ক।
প্রোটিয়াদের ম্যারাথন ইনিংসে উদ্বোধনী ব্যাটসম্যান ডিন এলগার ১৯৯, হাশিম আমলা ১৩৭ ও অভিষিক্ত ব্যাটসম্যান মার্করাম ৯৭ রান সংগ্রহ করেন।
৪৯৬ রানের জবাবে দ্বিতীয় দিনের শেষ সেশনে ৩৪ ওভারে ৩ উইকেটে ১২৭ রান করেছে বাংলাদেশ। এখনো দক্ষিণ আফ্রিকার থেকে ৩৬৯ রানে পিছিয়ে রয়েছে মুশফিকের দল। দিন শেষে তামিম ইকবাল ২২ ও মমিনুল হক ২৮ রানে অপরাজিত রয়েছেন।


























