ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম । ২২ আগষ্ট, ২০১৭ ।

দেশের মানুষ আওয়ামী লীগ ও বিএনপিকে ক্ষমতায় দেখতে চায় না বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচ এম এরশাদ। তিনি বলেন, নির্বাচনে জাতীয় পার্টি ছাড়া কোনো উপায় নেই। ৩০০ আসনে প্রার্থী দেওয়ার চিন্তাভাবনা নিয়ে জাতীয় পার্টি এগিয়ে যাচ্ছে।
আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে সৈয়দপুর বিমানবন্দরে নেমে রংপুর যাওয়ার পথে নীলফামারীর সৈয়দপুরের কামারপুকুর কলেজ মাঠে বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণকালে তিনি এসব কথা বলেন। এ সময় জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও জেলা জাপার আহ্বায়ক শওকত চৌধুরী উপস্থিত ছিলেন।
এরশাদ বলেন, আগামী নির্বাচনে জাতীয় পার্টি এককভাবে নির্বাচন করবে। ষোড়শ সংশোধনী নিয়ে আদালতের রায় নিয়ে তিনি কোনো মন্তব্য করেননি।
তিনি বলেন, বর্তমান সরকার জনপ্রিয়তা হারিয়ে ফেলেছে আর বিএনপি ক্ষয়িষ্ণু দলে পরিণত হয়েছে। তাই জাপা ছাড়া কোনো বিকল্প নেই।
অনুষ্ঠানে বন্যার্ত এক হাজার পরিবারের প্রত্যেককে পাঁচ কেজি চাল, তিন কেজি আলু, এক কেজি মসুর ডাল, নারীদের শাড়ি ও পুরুষদের মধ্যে লুঙ্গি বিতরণ করেন এরশাদ।


























