ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম । ১৪ নভেম্বর, ২০১৭ ।

শেখ হাসিনার অধীনে বিএনপি নির্বাচনে যাবে না, নির্বাচন করতেও দেবে না বলে জানিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ মঙ্গলবার সকালে কুড়িগ্রাম শহরের সরদারপাড়ায় নিজস্ব বাসভবনে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।
নির্বাচনে বিএনপি অংশ নেবে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমরা নির্বাচনে যাব, তবে নির্দলীয় সরকারের অধীনে। শেখ হাসিনার অধীনে বিএনপি নির্বাচনে যাবেও না, নির্বাচন করতেও দিবে না।”
তিনি বলেন , “প্রধান বিচারপতিকে ‘গুন্ডামি’ করে অবসর প্রদানে বাধ্য করেছে সরকার। তারা নিজেদের ইচ্ছা পূরণে এবং রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করার জন্য এখন আদালতকে ব্যবহার করবে, কসাইখানায় পরিণত করবে।”
এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানা, সহসভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তফা, যুগ্ম সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদ, পৌরসভার সাবেক মেয়র নুর ইসলাম নুরু প্রমুখ উপস্থিত ছিলেন।
রিজভী বলেন, কুড়িগ্রামে প্রতি বছর কার্তিক মাসে অভাব দেখা দেয়। এবার ভয়াবহ বন্যার কারণে খাদ্যাভাব প্রকট আকার ধারণ করেছে। এজন্য খাদ্য সহায়তার পাশাপাশি কর্মসংস্থানের ব্যবস্থা করার দাবি জানান তিনি।


























