রবিউল হাসান লায়ন, জামালপুর ,
জনতারআদালত.কম । ২৪ আগষ্ট, ২০১৭ ।

কথিত সাংবাদিক মেঘলা ওরফে বিউটি গত বুধবার সন্ধ্যারাতে জামালপুর শহরের শহীদ হারুন সড়কের বাসায় তার স্বামী ইলিয়াসসহ জামালপুর সদর থানা পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে। তাদের কাছ থেকে ১০১টি নিষিদ্ধ ইয়াবা বড়ি জব্দ করা হয়েছে। গ্রেপ্তারের পর তাদেরকে সদর থানা হেফাজতে জিজ্ঞাসাবাদ কারা হয়। বৃহস্পতিবার সকালে তাদেরকে জামালপুর মুখ্য বিচারিক হাকিমের আদালতে সোপর্দ করা হবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
জানা গেছে, জামালপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসানের নেতৃত্বে উপপরিদর্শক (এসআই) নূরুল ইসলাম ও জিকিরুল ইসলাম, সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. রাসেল, সিরাজুল ইসলাম ও মো. জহিরসহ কয়েকজন পুলিশ সদস্য গোপন সংবাদের ভিত্তিতে আজ বুধবার রাত আটটার দিকে জামালপুর শহরের শহীদ হারুন সড়কে মুসলিমাবাদে এলাকায় কথিত সাংবাদিক মেঘলা ওরফে বিউটির (২৫) বাসায় অভিযান চালান।
অভিযানের সময় মেঘলা ওরফে বিউটি এবং তার স্বামী ইলিয়াসকে (৩৫) আটক করা হয়। পরে তাদের ঘরে তল্লাশি চালিয়ে ওয়ারড্রপের উপরে রাখা চশমার খাপের ভেতর থেকে ১০১টি নিষিদ্ধ ঘোষিত ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। ইলিয়াছের বাড়ি পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার কাছারিপাড়ায়। তার বাবার নাম আব্দুল খালেদ।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিমুল ইসলাম জনতার আদালত. কমকে বলেছেন, আটক দম্পতিকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে জামালপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। তাদেরকে বৃহস্পতিবার সকালে মুখ্য বিচারিক হাকিমের আদালতে সোপর্দ করা হবে।


























