spot_img

হজ গাইড হলো হজযাত্রীদের জিম্মাদার, পথ প্রদর্শক ও পরামর্শক: ধর্মমন্ত্রী

ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম ।। 

ধর্মমন্ত্রী মো:ফরিদুল হক খান বলেছেন, হজ গাইড হলো একটি দলের হজযাত্রীদের জিম্মাদার,পথ প্রদর্শক ও পরামর্শক। হজের নিয়ম কানুন,হুকুম-আহকাম ও ধারাবাহিক কর্মপদ্ধতি সম্পর্কে তাকে পুরোপুরি জ্ঞান অর্জন করতে হবে।
মন্ত্রী আজ রাজধানীর আশকোনায় হজ অফিসে ‘সরকারি হজ গাইড প্রশিক্ষণ’ এর উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন।
তিনি  হজ গাইডদের উদ্দেশ্যে বলেন, দক্ষ হজ গাইড হিসেবে গড়ে তোলার জন্যই এধরনের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। প্রশিক্ষণের প্রতিটি অধিবেশনে প্রশিক্ষণার্থীদের শতভাগ মনোযোগী থাকতে হবে। কোনো কিছু বুঝতে সমস্যা হলে প্রশিক্ষকদেরকে জিজ্ঞাসা করতে হবে। প্রশিক্ষণ যথাযথভাবে গ্রহণ করলেই হজ গাইডের ওপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালিত হবে।
হজযাত্রীদের সাথে ভালো আচরণ করতে হবে। হজযাত্রা শুরুর পর থেকে দেশে প্রত্যাবর্তন পর্যন্ত নিজ দলের হজযাত্রীদের সাথে সার্বক্ষণিক অবস্থান করতে হবে বলেও উল্লেখ করেন তিনি।
ধর্মমন্ত্রী আরো বলেন,‘সৌদি আরবে আপনার পরিচয় একজন হজ গাইড নয়,আপনি বাংলাদেশি। আপনার আচার-আচরণ, কথাবার্তা ও চালচলনের মাধ্যমেই বিদেশের মাটিতে বাংলাদেশের ভাবমূর্তি ফুটে উঠবে। আপনার কারণে দেশের ভাবমূর্তি ও সম্মান হানি যেন না ঘটে সেদিকে বিশেষভাবে সর্তক থাকতে হবে।’
হজ পালনের ফজিলত তুলে ধরে ধর্মমন্ত্রী বলেন, প্রত্যেক সুস্থ ও সামর্থ্যবান মুসলমান নর-নারীর ওপর হজ আদায় করা ফরজ। ইসলামী শরীয়তের দৃষ্টিকোণ থেকে হজের বিশেষ গুরুত্ব ও ফজিলত রয়েছে। প্রত্যেক হজযাত্রী যাতে সহীহ্ ও শুদ্ধভাবে হজ পালন করতে পারে সে বিষয়ে হজ গাইডদের সর্বদা সোচ্চার থাকতে হবে। হজ গাইডদের গাফলতির কারণে যদি একজন হজযাত্রীরও হজ পালন যথানিয়মে না হয়, সেই দায়ভার হজ গাইডের ওপরই বর্তাবে।
হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব মো: মতিউল ইসলামের সভাপতিত্বে প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে বক্তৃতা করেন ধর্ম সচিব মু: আ: হামিদ জমাদ্দার। এ সময় হজ অনুবিভাগের যুগ্মসচিব ড. মো: মঞ্জুরুল হক ও হজ পরিচালক মুহম্মদ কামরুজ্জামান উপস্থিত ছিলেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ