spot_img

হজে গমনেচ্ছুদের জটিলতা ৪৮ ঘণ্টার মধ্যে নিরসনে হাইকোর্টের নির্দেশ

ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম । ১৩ আগষ্ট, ২০১৭ ।

বিদ্যমান জটিলতা নিরসন করে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে হজ যাত্রীদেরকে হজে পাঠানোর জন্য সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. আতাউর রহমান খান সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ আজ এ আদেশ দেয়। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়কে সৌদি সরকারের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

জনস্বার্থে আনা এক রিট আবেদনের শুনানি নিয়ে আদালত এ আদেশ দেয় বলে সাংবাদিকদের জানান আইনজীবী মনজিল মোরশেদ। তিনি বলেন,মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস এন্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি)-এর পক্ষে হাইকোর্টে আজ রিটটি দায়ের করে।

মনজিল মোরশেদ বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়কে বিদ্যমান এই জটিলতা নিরসনে সৌদি সরকার ও দূতাবাসের সঙ্গে আলোচনার ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। যাতে হজ যাত্রীরা সময় মতো হজে যেতে পারেন। এছাড়া চলমান ফ্লাইট সিডিউল থেকেও যদি কোনো হজ যাত্রী বাদ পড়েন তাহলে বিমান ভাড়া করে যথাসময়ে হজে পাঠানোর ব্যবস্থা নিতেও নির্দেশ দেয়া হয়েছে।

তিনি বলেন, একই সঙ্গে আদালত হজ সংক্রান্ত বিষয়ে অব্যস্থাপনায় সংশ্লিষ্টদের নিস্ত্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং বিষয়টি নিয়ে কেন একটি কমিশন গঠনের নির্দেশ দেয়া হবে না-চার সপ্তাহের মধ্যে কারণ দর্শাতে রুল জারি করেছে।

মনজিল মোরশেদ বলেন, ভিসা জটিলতা, মোয়াল্লেম ফি বৃদ্ধি ও বাসা ভাড়ায় বিলম্বের কারণে এ পর্যন্ত বেশ কটি ফ্লাইট বাতিল হয়েছে। এতে হজযাত্রীরা জটিলতার মধ্যে পড়েছেন।
উল্লেখ্য, এবার বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করার সুযোগ পাবেন। কিন্তু ভিসা জটিলতা, মোয়াল্লেম ফি বৃদ্ধি ও বাসা ভাড়ায় বিলম্বের কারণে শনিবার পর্যন্ত মোট ৫৮ হাজার ৩৬১ জন সৌদি আরবে পৌঁছেছেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ