ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম । ১৬ আগষ্ট, ২০১৭ ।

জাতীয় দলের স্পিন কোচ হিসেবে অস্ট্রেলিযার স্ট্রয়ার্ট ম্যাকগিলের নিয়োগের বিষয়টি আজ নাকচ করে দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।
রাজধানীর একটি হোটেলে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে পাপন জানান স্পিন কোচের সংক্ষিপ্ত তালিকা থেকে ম্যাকগিলের নাম বাদ দেয়া হয়েছে।
বিসিবি সভাপতি বলেন, ‘এই মুহূর্তে তিনি অসুস্থ এবং এ কারণে অদূর ভবিষ্যতে তাকে পাওয়া যাবে না। সুতরাং সংক্ষিপ্ত তালিকা থেকে আমরা তার নাম বাদ দিয়েছি। ভারতের ভেংকটপতি রাজু এবং সুনিল যোশি ছাড়া আরো দু’জনের নাম সংক্ষিপ্ত তালিকায় আছে। আগামী কয়েক দিনের মধ্যেই নিয়োগের প্রক্রিয়া শেষ করব।’
অনুশীলন ম্যাচের সম্ভাব্য ভেন্যু হিসেবে বিকেএসপি’র বিষয়ে সফররত ক্রিকেট অস্ট্রেলিয়ার নিরাপত্তা কর্মকর্তারা তাদের অবস্থান পরিবর্তন করেছেন বলেও জানান বিসিবি সভাপতি।
পাপন বলেন, ‘এর আগে তারা ভেন্যু হিসেবে বিকেএসপির নাম প্রত্যাহার করেছিল। তবে এখন তারা এ ভেন্যু পরিদর্শনে সম্মত হয়েছেন এবং ১৯ আগস্ট আমরা বিকেএসপি পরিদর্শনে যাব। তাদের মতামত নিয়ে আমরা ভেন্যুর বিষয়ে সিদ্ধান্ত নেব।’
সফরকারী অস্ট্রেলিয়ার দুই দিনের একমাত্র অনুশীলন ম্যাচটি ২২ আগস্ট শুরু হবে। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে প্রথম টেস্ট শুরু হবে ২৭ আগস্ট।


























