ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম । ২৩ অক্টোবর, ২০১৭ ।

আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের সহধর্মিনী শিলা ইসলাম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে … রাজিউন)।
আজ সোমবার বাংলাদেশ সময় সকাল ৮ টা ৩০ মিনিটে লন্ডনের এনএইচএস ফাউন্ডেশন ট্রাস্টের ইউসিএলএইচ ইনিভার্সিটি কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল (৫৭) বছর।
ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সম্পাদক আনোয়ারুল কবির এ তথ্য নিশ্চিত করেন।
পারিবারিক সূত্র জানায়, সৈয়দ আশরাফ, তার মেয়ে রিমা ইসলাম ও পরিবারের ঘনিষ্ঠ সদস্যরা এ সময় হাসপাতালে উপস্থিত ছিলেন।
শিলা ইসলাম দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন। কিছুদিন আগে জার্মানিতে তার অস্ত্রোপচার করা হয়। পরে তাকে লন্ডনে নিয়ে আসা হয়।
শিলা ইসলামের জন্ম ও পড়াশোনা লন্ডনে। তিনি লন্ডনের মেট্রোপলিটন ইউনিভার্সিটি ও ইউনিভার্সিটি অব নটিংহাম থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি নেন। শিলা লন্ডনের একটি স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষিকা। তার পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে বসবাস করছেন।
সৈয়দ আশরাফ ও শিলা ইসলামের একমাত্র মেয়ে রিমা ইসলাম লন্ডনে থাকেন। তিনি লন্ডন এইচএসবিসি ব্যাংকের একজন উচ্চপদস্থ কর্মকর্তা।
শিলা ইসলামের মৃত্যুতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমীন চৌধুরী গভীর ও ডেপুটি স্পিকার ফজরে রাব্বী মিয়া গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন।
এছাড়াও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম, এলজিআরডি মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, ভূমিমন্ত্রী শামসুর রহমান শরিফ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমত আরা সাদেক, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার, ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান মরহুমার মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেন।


























