সিরাজগঞ্জ প্রতিনিধি , জনতারআদালত.কম , ৭ আগষ্ট, ২০১৭ ।

সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের জগতগাঁতী গ্রামে সাথী খাতুন (১৮) নামে এক কলেজছাত্রীকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে। নিহত সাথী জগতগাঁতী গ্রামের সাইদুর রহমান বাদলের মেয়ে ও শিয়ালকোল আব্দুল্লাহ আলমাহমুদ মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজের এইসএসসি পরীক্ষার্থী।
শিয়ালকোল ইউনিয়ন পরিষদের (ইউপি) ৮ নম্বর ওয়ার্ডের সদস্য হাফিজুল ইসলাম জানান, রোববার বিকালে সাথীকে বাসায় রেখে বাবা সাইদুর রহমান ও মা পার্শ্ববর্তী ধুকুরিয়া গ্রামে আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান। রাতে ফিরে সাথীকে না পেয়ে তারা খোঁজাখুঁজি শুরু করেন।
অনেক খোঁজাখুঁজির পর বাড়ি থেকে প্রায় একশো গজ দূরের একটি বাঁশঝাড়ে তার গলাকাটা মরদেহ পাওয়া যায়।
এ ব্যাপারে সদর থানার ওসি তদন্ত রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে সোমবার ভোরে মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য মরদেহটি সিরাজগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


























