ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম ।।
সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মুহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় ১৫ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। আগামী ২৬, ২৭ ও ২৮ জুলাই সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে। একই সঙ্গে টেকনাফ থানার বরখাস্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ ও কনস্টেবল সাগর দেবসহ ছয় আসামির জামিন আবেদন নাকচ করেছেন আদালত।
রবিবার (২৭ জুন) দুপুরে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ইসমাইল এ আদেশ দেন। এদিন বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত টানা শুনানি চলে। এতে উভয়পক্ষের আইনজীবীরা বক্তব্য উপস্থাপন করেন।
আদালত থেকে বেরিয়ে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ফরিদুল আলম জানান, টেকনাফে পুলিশের গুলিতে নিহত সেনাবাহিনীর সাবেক মেজর সিনহা মো. রাশেদ হত্যা মামলার চার্জ গঠনের দিন ছিল। আদালত উভয়পক্ষের বক্তব্য শুনে মামলার চার্জ গঠন করে আগামী ২৬, ২৭ ও ২৮ জুলাই সাক্ষী গ্রহণের তারিখ নির্ধারণ করেছেন। পাশাপাশি সাবেক ওসি প্রদীপ ও কনস্টেবল সাগর দেবসহ ছয় আসামির জামিন আবেদন নাকচ করেছেন।
এর আগে গত বৃহস্পতিবার সিনহা হত্যা মামলার অভিযোগপত্রভুক্ত ও পলাতক আসামি বরখাস্ত কনস্টেবল সাগর দেব আদালতে আত্মসমর্পণ করেন। ঘটনার ১০ মাস ২৫ দিন পর বৃহস্পতিবার টেকনাফ থানার সাবেক এই কনস্টেবল অনেকটা চুপিসারে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। বিচারক মোহাম্মদ ইসমাইল জামিন আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। জামিনের পরবর্তী সময়ে শুনানির জন্য রোববার দিন রাখেন আদালত।
একইদিন ওসি প্রদীপ ও এএসআই নন্দদুলাল রক্ষিতের জামিনের শুনানিও ধার্য করা হয়। গত ১৩ জুন এই দুই আসামি জামিনের আবেদন করেছিলেন। তার আগে গত ১০ জুন ওসি প্রদীপকে চট্টগ্রাম জেলা কারাগার থেকে কক্সবাজার জেলা কারাগারে নিয়ে আসা হয়।
কনস্টেবল সাগর দেবের আত্মসমর্পণের মধ্য দিয়ে আলোচিত এই মামলার ১৫ আসামির সবাই এখন কারাগারে। একমাত্র তিনিই পলাতক ছিলেন। ওসি প্রদীপের ‘অত্যন্ত ঘনিষ্ঠ’ সাগরকে গ্রেপ্তারে পরোয়ানাও জারি করেছিলেন আদালত।
গত বছরের ৩১ জুলাই টেকনাফের শামলাপুর চেকপোস্টে গুলি করে হত্যা করা হয়, অবসরপ্রাপ্ত মেজর সিনহাকে। এ ঘটনায় ৫ আগস্ট মামলা করেন, তার বোন শারমিন শাহরিয়া ফেরদৌস।


























