ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম । ১৩ সেপ্টেম্বর, ২০১৭ ।

সিঙ্গাপুরের প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন দেশটির সাবেক স্পিকার হালিমা ইয়াকুব। বুধবার দেশটির প্রেসিডেন্ট পদে তাকে বিজয়ী ঘোষণা করা হয়।
সিঙ্গাপুরে প্রেসিডেন্ট প্রধানত একটি আনুষ্ঠানিক পদ; দেশটির নির্বাহী ক্ষমতা প্রধানমন্ত্রীর হাতে।
বহু সংস্কৃতির এই নগর-রাষ্ট্রটিতে রাষ্ট্রীয় ক্ষমতায় সবার অংশীদারিত্বের বোধ নিশ্চিত করতে এবারের প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থীতা শুধু সংখ্যালঘু মালয় সম্প্রদায়ের লোকজনের জন্য সংরক্ষিত থাকবে বলে ডিক্রি জারি করেছিল দেশটি।
সিঙ্গাপুরের নির্বাচন বিভাগের দপ্তরে দেওয়া এক ভাষণে হালিমা বলেন, “এটি একটি সংরক্ষিত নির্বাচন হলেও আমি সংরক্ষিত প্রেসিডেন্ট না, আমি সবার প্রেসিডেন্ট।”
নির্বাচনে হালিমা ইয়াকুবের প্রতিদ্বন্দ্বী ছিলেন মোহাম্মদ সালেহ মারিকান ও মো. ফরিদ খান। কিন্তু নির্বাচনের শর্ত পূরণ করতে না পারায় সোমবারে তাদের প্রার্থিতা বাতিল করে দেয়া হয়।