সাতক্ষীরা, জনতারআদালত.কম । ২৮ নভেম্বর, ২০১৭ ।

প্রকৃতিতে শীতের আমেজ এসেছে। আর এর মধ্যেই শীতের উপাদেয় খাবার খেজুরের রস সংগ্রহে ব্যস্ত হয়ে পড়েছেন সাতক্ষীরার গাছিরা।
সাতক্ষীরায় খেজুরের রসের সুনাম দীর্ঘ দিনের । তাই অগ্রহায়ণ মাস শুরুর সঙ্গে সঙ্গে সাতক্ষীরা বিভিন্ন উপজেলার গাছিরা খেজুর গাছ ছেঁটে রস সংগ্রহ ও গুড় তৈরির প্রস্তুতি নিতে শুরু করেছেন। জেলার সাতটি উপজেলার মধ্যে তালা, কলারোয়া, সাতক্ষীরা সদর ও দেবহাটা উপজেলার বিভিন্ন গ্রামের গাছিরা এখন খেঁজুর গাছ কাটতে শুরু করেছেন ।
দেবহাটা উপজেলার দেবীশহর গ্রামের কৃষক অসীম রায় জানান, আগাম গুড় ও পাটালি বাজারে বিক্রি করে বেশ ভালোই লাভ হয় । সেই আশাতেই চলতি বছরও গুড় তৈরির দিকে ঝুঁকছেন তারা। তিনি অনেক বছর থেকেই খেজুর গাছ থেকে রস সংগ্রহ করছেন। এ রস থেকে তিনি গুড় ও পাটালি তৈরি করে উপজেলার বিভিন্ন বাজার নিয়ে বিক্রি করেছেন। এরই মধ্যে অনেক কৃষক গুড় তৈরির সরঞ্জাম এমনকি জ্বালানিও সংগ্রহ করে ফেলেছেন। খেজুর রস থেকে গুড় তৈরির কাজ শুরু করতে প্রাথমিক সরঞ্জাম কলস ও জ্বালানি সংগ্রহ হয়ে গেছে।
সদর উপজেলার আদুলপোতা ও তার আশপাশের কয়েকটি গ্রামে সকাল থেকেই ব্যস্ত গাছিরা দা, ছুরি, দড়ি ও ভাঁড় (মাটির কলস) নিয়ে ছুটে চলেছেন খেজুর গাছের দিকে। গাছিদের প্রক্রিয়াজাত করা খেজুরের গুড়, পাটালি বা রস দিয়েই ক’দিন পরেই মুখরোচক পিঠা, পুলি, পায়েস তৈরির ধুম পড়বে গ্রামের গৃহস্থ বাড়িতে। শুধু কি তাই? খেজুরের গুড় বা রস দিয়ে তৈরি মুড়ি, চিড়ার মোয়া লেপমুড়ি দেয়া শীতের সকালে খাওয়ার মজা উপভোগ করেন আবাল বৃদ্ধ বনিতা সবাই।


























