ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম ।।
শুক্রবার (১৯ এপ্রির) সকালে কৃষক লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে গণভবনে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অর্থনৈতিকভাবে উন্নতি হয়েছে বলেই দেশের মানুষ এখন ডাল-ভাত নয়, বরং মাছ-মাংসের দাম নিয়ে চিন্তা করে। যারা সরকারের সমালোচনা করেন, তাদের সেগুলো মাথায় রেখে উন্নয়ন হয়েছে কিনা তা বিবেচনা করতে হবে।
সকালে কৃষক লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে নেতাকর্মীদের সঙ্গে গণভবনে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। পরে কৃষকলীগের নেতাদের নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন দলনেতা।
বীজ, মাছ, ধান, সবজিসহ বিভিন্ন ফসলের উৎপাদন বাড়িয়ে আওয়ামী লীগ সরকার বিদেশ নির্ভরতা কমিয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দেশে বৃক্ষ রোপণের মাধ্যমে সবুজ বিপ্লবের সূচনা করেছিল কৃষক লীগ।
সরকারপ্রধান বলেন, এক ইঞ্চি জমিও যেন অনাবাদি না থাকে। নিজেদের খাদ্য নিজেরাই উৎপাদন করবো। উদ্বৃত্ত থাকলে অন্যকে সাহায্য করবো।
কৃষির উন্নয়নে সমবায় পদ্ধতি চালু করার পরামর্শ দিয়ে শেখ হাসিনা বলেন, এটা করতে পারলে জীবনেও কোনো খাদ্যের অভাব হবে না। সরকার বছরে ২৬ হাজার কোটি টাকা ভর্তুকি দিচ্ছে। জাতির পিতার দেখানো পথে সমবায় কৃষি নিশ্চিত করা হলে দেশে কখনও খাদ্যের অভাব হবে না।
বিরোধী দলে থাকার সময়কার কথা তুলে ধরে তিনি বলেন, আওয়ামী লীগ অফিসে তো আমরা ঢুকতেই পারতাম না। কীভাবে তারা অত্যাচার করেছে আমাদের ওপর, আমরা তো তার কিছুই করিনি। আমরা প্রতিশোধ নিতে ব্যস্ত থাাকিনি। আমরা আমাদের সব শক্তি-মেধা কাজে লাগিয়েছি দেশের উন্নয়নে, দেশের মানুষের জন্য কাজ করতে।
সারাদেশের জেলের সব অপরাধীই বিএনপির দলীয় কি না, এমন প্রশ্ন রেখে আওয়ামী লীগ প্রধান বলেন, তারা (বিএনপি) যেভাবে বলছে ৬০ লাখ লোক তাদের গ্রেপ্তার, ৬০ লাখ তো আমাদের জেলের ধারণক্ষমতাও নেই। তারপরও যতটুকু ধারণক্ষমতা আছে, সবই বিএনপির লোক- এটাই তো তারা বলতে চাচ্ছে। তার মানে বাংলাদেশে যত অপরাধ সব অপরাধ করে বিএনপি।


























