ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম । ১০ সেপ্টেম্বর, ২০১৭ ।

জাতীয় পর্যায়ে উচ্চ শিক্ষা ও আধুনিক বিজ্ঞান চর্চা সম্প্রসারণে জামালপুরে একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন করতে আজ সংসদে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিল-২০১৭ উত্থাপন করা হয়েছে।
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বিলটি উত্থাপন করেন।
বিলের অধীন জামালপুরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের বিধানের প্রস্তাব করা হয়েছে।
বিলে বিশ্ববিদ্যালয়ের ক্ষমতা, বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নের যোগ্যতা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষাদান পদ্ধতি, মঞ্জুরি কমিশনের দায়িত্ব, বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা, চ্যান্সেলর, ভাইস-চ্যান্সেলর, প্রো-ভাইস চ্যান্সেলর, কোষাধ্যক্ষ, অনুষদের ডিন, ইনস্টিটিউট পরিচালক, রেজিস্ট্রার, বিভাগীয় চেয়ারম্যান, গ্রন্থাগারিক, প্রভোস্ট, প্রক্টর, পরিচালক (ছাত্র পরামর্শ ও নির্দেশনা), পরিচালক (অর্থ ও হিসাব), পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন), পরীক্ষা নিয়ন্ত্রক, প্রধান প্রকৌশলী, প্রধান চিকিৎসক কর্মকর্তাসহ অন্যান্য কর্মকর্তা নিয়োগ, কর্মকর্তাদের ক্ষমতা, দায়িত্ব, কর্তব্য সম্পর্কে বিধানের প্রস্তাব করা হয়েছে।
বিলে একাডেমিক কাউন্সিল গঠন এবং ক্ষমতা ও দায়িত্ব, অনুষদ গঠন, এর দায়িত্ব, কর্তব্য, ইনস্টিটিউট প্রতিষ্ঠা, বিভাগ গঠন, বিশ্ববিদ্যালয় তহবিল, অর্থ কমিটি গঠন, পরিকল্পনা ও উন্নয়ন কমিটি গঠন, বিশ্ববিদ্যালয়ের পাঠক্রমে ভর্তি, পরীক্ষা, পরীক্ষা পদ্ধতি, চাকরির শর্তাবলী, সংবিধি প্রণয়ন, বিশ্ববিদ্যালয় বিধি-প্রবিধি প্রণয়ন, বার্ষিক প্রতিবেদন, বার্ষিক হিসাবসহ সংশ্লিষ্ট বিষয়ে বিধানের প্রস্তাব করা হয়েছে।
পরীক্ষা-নিরীক্ষা করে ৪৫ দিনের মধ্যে সংসদে রিপোর্ট প্রদানের জন্য বিলটি শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়েছে।


























