ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম । ১১ সেপ্টেম্বর, ২০১৭ ।

বিচারকদের অপসারণের ক্ষমতা সংসদের হাত থেকে বিচার বিভাগের হাতে ফিরিয়ে নিতে সুপ্রিমকোর্টের আপিল বিভাগ যে রায় দিয়েছেন, তাতে এখনো আশার আলো দেখছেন বলে দাবি করেছেন আইন, বিচার ও সংসদবিষয়কমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।
তিনি বলেছেন, ‘আমি এখনো মনে করি, আইনি পদক্ষেপে ষোড়শ সংশোধনীর যে মামলা, সেই মামলায় আমরা কামিয়াব হব।’
আজ সংসদে প্রশ্নোত্তর পর্বে জাতীয় পার্টির ফখরুল ইমামের এক সম্পুরক প্রশ্নের জবাব দিতে গিয়ে তিনি একথা বলেন। ফখরুল ইমাম মন্ত্রীর কাছে প্রশ্ন রেখে বলেন, পার্লামেন্ট ডিসফাংশনাল (অকার্যকর), সুপ্রিম কোর্ট রায় দিয়েছে। এই রায় দেয়ার দিন আমি আইনমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছিলাম। তখন উনি বলেছিলেন কিছুতেই এটা হতে পারে না। আমরা সুপ্রিম কোর্টে জিতব। আমি এখন সর্বশেষ অবস্থাটা আইনমন্ত্রীর কাছে জানতে চাই। জবাব দিতে গিয়ে আইনমন্ত্রী বলেন, আমি এই সংসদে দাঁড়িয়ে মামলার পক্ষ হিসেবে বলেছিলাম আমরা নিশ্চয়ই জিতব। কিন্তু রায় দেওয়ার মালিক হচ্ছেন আপিল বিভাগ। তারা সিদ্ধান্ত নিয়েছেন কিন্তু আমি এখনো মনে করি, আইনী পদক্ষেপে ষোড়শ সংশোধনীর মামলায় আমরাই কামিয়াব হব।
জাতীয় পার্টির অপর সংসদ সদস্য নুরুল ইসলাম ওমরের সম্পূরক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী জানান, দেশে সাম্প্রতিককালে নারী ও শিশু নির্যাতনের যে ঘটনাগুলো ঘটছে, নিশ্চয়ই সে ব্যাপারে বিচার বিভাগ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় অবগত রয়েছেন। কিন্তু সরকার থেকে ধর্ষণসহ নারী ও শিশু নির্যাতন মামলাগুলো তড়িৎ নিষ্পত্তির ব্যাপারে উদ্যোগ নিয়েছি। আর দেশে বিদ্যমান যে নারী ও শিশু নির্যাতন আইন রয়েছে- তা পরিপূর্ণ আইন। এই আইনেই সর্বোচ্চ শাস্তির বিধান রয়েছে। আমরা নারী ও শিশু নির্যাতন মামলাগুলো যাতে দ্রুত নিষ্পত্তি হয় সে ব্যাপারে দেশের সকল প্রসিকিউশনকে নির্দেশ দেওয়া হয়েছে।


























