ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম । ২২ অক্টোবর, ২০১৭ ।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্টের পর ওয়ানডে সিরিজেও হোয়াইট ওয়াশ হয়েছে বাংলাদেশ। স্বাগতিকদের দেয়া ৩৭০ রানের বিশাল টার্গেটের জবাবে খেলতে নেমে ১৬৯ রানেই অলআউট হয়ে যায় বাংলাদেশ।
সাকিব ৬৩ ও সাব্বির ৩৯ ছাড়া কেউই নিজেদের নৈপুন্য দেখাতে পারেননি।
টেস্ট সিরিজের পর ওয়ানডেতেও হোয়াইটওয়াশ হতে হলো টাইগারদের। ৩ ম্যাচের সিরিজে মুশফিক ছাড়া আর কেউ মনে রাখার মত কিছু করতে পারেননি। যা করেছেন সেটা কেবল আত্মসমর্পণ।
৩৭০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৩৯ ওভারে মাত্র ১৬৯ রানেই থামল মাশরাফি বিন মুর্তজার বাংলাদেশ। প্রোটিয়ারা জয় পেল ২০০ রানের বিশাল ব্যবধানে। মাশরাফির নেতৃত্বের হাফ সেঞ্চুরির ম্যাচে এমন ছন্নছাড়া অবস্থাতেই দেখা দিল বাংলাদেশ। সফলতম এই অধিনায়ক এখন পর্যন্ত এমন বাজে পরিস্থিতির শিকার হয়েছেন কিনা বলা মুশকিল।
ওপেনার তামিম ইকবালের ইনজুরিতে সৌম্য সরকার ও ইমরুল কায়েস ব্যাট করতে নামেন। দলীয় ৩ রানের মাথায় ডেন প্যাটারসনের বলে মিড অফে ফারহান বেহারদিয়েনকে ক্যাচ দিয়ে ফেরেন ইমরুল (১)। প্যাটারসনের পরের ওভারে এলবিডব্লিউ হয়ে ফিরে যান লিটনও (৬)। এরপর দলীয় ২০ রানে ফিরে যান সৌম্য সরকার। কাগিসো রাবাদার অফ স্টাম্পের বাইরের বলে শট খেলতে গিয়ে স্লিপে এইডেন মার্করামের দারুণ ক্যাচে পরিণত হন সৌম্য (৮)।
মুশফিকুর রহিম ও সাকিব আল হাসান দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন। কিন্তু দলীয় ৫১ রানে আন্দ্রিলে ফিকোযাওয়ের বলে রাবাদার হাতে ক্যাচ দিয়ে ফিরে যান মুশফিক (৮)। এরপর মুলারের বলে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়েন মাহমুদুল্লাহ (২)।
সাকিব আল হাসান ৬৩ রান করে সাজঘরে ফেরার পর খেলার আকর্ষণ আরও ধূসর হয়ে যায়। আর সাব্বিরের ব্যাটিং দর্শকদের কিছুটা হলেও পুলকিত করেছিল। কিন্তু তিনিও আর বেশিদূর এগুতে পারেননি। দলীয় ১৩৫ রানে ব্যক্তিগত ৩৯ রানে বিদায় নেন এ মারকুটে ব্যাটসম্যান।
এর আগে ইস্ট লন্ডন মাঠে টস জিতে ব্যাট করতে নেমে টাইগারদের বিপক্ষে ৩৬৯ রানের বিশাল স্কোর সংগ্রহ করে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা।


























