রবিউল হাসান লায়ন , শেরপুর,
জনতারআদালত.কম , ১৭ জুলাই, ২০১৭ ।

শেরপুর জেলার শ্রীবরদী উপজেলায় যৌতুকের দাবিতে পাষন্ড স্বামীর হাতে সাবিনা (২০) নামে এক গৃহবধূ খুন হওয়ার অভিযোগ উঠেছে। পরে খবর পেয়ে পুলিশ সোমবার দুপুরে স্বামীর বসত ঘরের বিছানা থেকে ওই গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠায়। ঘটনার পরপরই গা ঢাকা দিয়েছে ঘাতক স্বামী সুন্দর আলী।
নিহত সাবিনার ভাই রহিম উদ্দিন ও বোন সাজনি বেগম জানান, বিয়ের পর সাবিনার সুখের জন্যে তারা ৫০ হাজার টাকা যৌতুক দেন। এরপর আরও টাকা দাবি করে সুন্দর আলী মাঝে মধ্যেই তাকে (সাবিনা) মারপিট করতো। সুন্দর আলী রোববার দিবাগত রাতে তার গলায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে হত্যা করে। পরে পার্শ্ববর্তী বাড়ির লোকজন বিছানায় নিহত সাবিনার নিথর দেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। নিহতের শরীরের বিভিন্নস্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনার পর স্বামীসহ বাড়ির সবাই গা ঢাকা দিয়েছে।
স্থানীয়রা জানায়, পুরান শ্রীবরদী গ্রামের মফিজল হকের ছেলে সুন্দর আলীর সাথে প্রায় এক বছর আগে পার্শ্ববর্তী জামালপুর জেলার বকশিগঞ্জের শেখেরচর পূর্বপাড়া গ্রামের ভটটু মিয়ার মেয়ে সাবিনার বিয়ে হয়।
শ্রীবরদী পুলিশের উপপরিদর্শক আকতার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।


























