spot_img

শেখ কামালের ৬৮তম জন্মবার্ষিকী পালিত

ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম , ৫ আগষ্ট, ২০১৭ ।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র ও ক্রীড়াসংগঠক শহীদ শেখ কামালের ৬৮তম জন্মবার্ষিকী আজ শনিবার নানা কর্মসূচির মধ্যদিয়ে পালিত হয়েছে। সকাল ৮টায় ধানমন্ডি আবাহনী ক্লাব প্রাঙ্গণে শহীদ শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্যদিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শেখ কামাল ১৯৪৯ সালের এই দিনে তিনি তদানীন্তন গোপালগঞ্জ মহকুমার টুঙ্গীপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন এবং ১৯৭৫ সালের ১৫ আগস্টের কালো রাতে মাত্র ২৬ বছর বয়সে শাহাদাত বরণ করেন।

শ্রদ্ধা নিবেদনের এ অনুষ্ঠানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-আলম হানিফ ও এডভোকেট জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী ও এনামুল হক শামীম, শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, তথ্য ও গবেষণা সম্পাদক এডভোকেট আফজাল হোসেন, ঢাকা মহানগর দক্ষিন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদদক সাদেক খান প্রমুখ উপস্থিত ছিলেন।

আওয়ামী লীগ ছাড়াও ঢাকা মহানগর আওয়ামী লীগ উত্তর ও দক্ষিন, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, শ্রমিক লীগ, ছাত্রলীগ, ঢাকা জেলা মহিলা আওয়ামী লীগ, আবাহনী পরিচালক বৃন্দ, আবাহনী সমর্থক গোষ্ঠী, আবাহনী কর্মকর্তা ও খেলোয়াড় বৃন্দসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন শেখ কামালের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে। পরে সকাল ৯টায় বনানী গোরস্থানে চিরনিদ্রায় শায়িত শহীদ শেখ কামালের সমাধিতে নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে কোরানখানি, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এদিকে জন্মবার্ষিকী উপলক্ষে শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে শেখ কামালের সতীর্থ ও স্বজনরা এক আলোচনা সভার আয়োজন করেন। সভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন।

বিশিষ্ট সাংবাদিক আবেদ খানের সভাপতিত্বে সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হারুনুর রশীদ, জাতীয় প্রেসক্লাবের সভাপতি শফিকুর রহমান, সংস্কৃতি ব্যাক্তিত্ব পীযূষ বন্দ্যোপাধ্যায় প্রমুখ বক্তব্য রাখেন।
আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সকাল ১১ টায় শেখ কামালের ৬৮ তম জন্মবার্ষিকী উপলক্ষে ধানমন্ডিস্থ বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে আলোচনা সভার আয়োজন করে। সংগঠনের সভাপতি মোল্লা মো. আবু কাওছারের সভাপতিত্বে অনুষ্ঠানে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং শিল্পমন্ত্রী আমির হোসেন আমু প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথ এমপি।

এ উপলক্ষে আওয়ামী যুবলীগ সকাল ১১টায় শিল্পকলা একাডেমী মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করে। যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক।

এদিকে বিকেলে বঙ্গবন্ধু এভিনিউস্থ ঢাকা মহানগর আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়। ঢাকা মহানগর দক্ষিন আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাতের সভাপতিত্বে সভায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ, মহানগর দক্ষিন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, সাংগঠনিক সম্পাদক গোলাম আশরাফ তালুকদার প্রমুখ বক্তব্য রাখেন।

শেখ কামাল স্বাধীন বাংলাদেশের প্রথম ওয়ার কোর্সে প্রশিক্ষণপ্রাপ্ত হয়ে মুক্তিবাহিনীতে কমিশন লাভ ও মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি জেনারেল ওসমানির এডিসি হিসেবে দায়িত্ব পালন করেন। স্বাধীনতার পর শেখ কামাল সেনাবাহিনী থেকে অব্যাহতি নিয়ে লেখাপড়ায় মনোনিবেশ করেন। কামাল বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য এবং শাহাদাত বরণের সময় বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগের অঙ্গ-সংগঠন জাতীয় ছাত্র লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট শাহাদাত বরণের আগে তিনি সমাজ বিজ্ঞান বিভাগের এমএ শেষ পর্বের পরীক্ষা দিয়েছিলেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ