ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম ।।
শুক্রবার (২ জুলাই) রাত সাড়ে ১১টায় মডার্নার তৈরি করোনাভাইরাসের প্রায় ১২ লাখ টিকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পোঁছাবে। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সেখানে আনুষ্ঠানিকভাবে এটি গ্রহণ করবেন।
বৃহস্পতিবার (১ জুলাই) স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান এ তথ্য নিশ্চিত করেছেন। এ ছাড়া মডার্নার বাকি ১৩ লাখ করোনা টিকা শনিবার (৩ জুলাই) সকালে এসে পোঁছাবে বলেও জানান তিনি।
বিশ্বজুড়ে টিকা সরবরাহের আন্তর্জাতিক প্লাটফর্ম কোভ্যাক্স থেকে যুক্তরাষ্ট্রের কোম্পানি মর্ডানার এই টিকা পাচ্ছে বাংলাদেশ। এর আগে এই প্ল্যাটফর্ম থেকে বাংলাদেশ ফাইজারের ১ লাখ ৬২০ ডোজ টিকা পেয়েছে, যে চালান এসে পৌঁছায় গত ৩১ মে।
পরীক্ষামূলকভাবে ঢাকার তিনটি হাসপাতালে এই টিকা প্রয়োগও করা হয়েছে। বৃহস্পতিবার থেকে সৌদি আরব ও কুয়েতগামী প্রবাসী কর্মীদের এই টিকা দেওয়া শুরু হবে।
মর্ডানার টিকা এলে তা হবে দেশে কোভিডের চতুর্থ টিকা। মার্কিন এই কোম্পানির টিকা ১৮ বছর বা তার বেশি বয়সের মানুষকে দেওয়া যায়। প্রত্যেককে এই টিকা দুই ডোজ করে দিতে হয়।


























