ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম , ১৪ জুলাই, ২০১৭ ।

শিমুলিয়া-কাঠালবাড়ি ফেরিঘাটে গাড়ির চাপ বাড়ছে। গাড়িগুলো সারি অবস্থায় দাঁড়িয়ে আছে। তীব্র স্রোতে ফেরি চলাচল ব্যাহত হওয়ায় পারাপারের অপেক্ষায় রয়েছে ৭ শতাধিক যানবাহন। গত কয়েকদিন ধরেই এ সমস্যায় পড়েছে এ রুটের যাত্রীরা।
আজ শুক্রবার সকাল থেকে তীব্র স্রোত ও ডুবোচর ফেরি চলাচলে বাধা হয়ে দাঁড়িয়েছে। এতে আগের চাইতে সময়ও বেশি লাগছে। বৃহস্পতিবারও শিমুলিয়া প্রান্তে পারাপারের অপেক্ষায় ট্রাক ও যাত্রীবাহী গাড়িসহ আটকা ছিল চার শতাধিক যানবাহন।
শিমুলিয়া ঘাট ব্যবস্থাপক (বাণিজ্য) গিয়াস উদ্দিন পাটোয়ারী জানান, শুক্রবার সকাল থেকে ঘাট এলাকায় ছোট বড় মিলিয়ে হাজারো যানবাহন পারাপারের অপেক্ষায় আছে। এই রুটে চলাচলকারী ফেরিগুলো অনেক পুরনো, তাই পদ্মার তীব্র স্রোতের বিরুদ্ধে কুলিয়ে উঠতে পারে না। তীব্র স্রোতের কারণে লৌহজং টার্নিং পয়েন্টে গিয়ে ফেরিগুলো আটকে যাচ্ছে।


























