ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম ।।
করোনাভাইরাসের উচ্চ সংক্রমণের মধ্যেও কোরবানির ঈদকে সামনে রেখে শিথিল হতে পারে চলমান কঠোর বিধিনিষেধ। তবে ঈদের পর ১৪ দিনের জন্য আবারও কঠোর বিধিনিষেধে যাচ্ছে দেশ।
ঈদের সময় গরু ব্যবসায়ী, দোকান মালিক ও ক্ষুদ্র ব্যবসায়ীদের কথা বিবেচনা করেই সরকার এমন সিদ্ধান্ত নিতে যাচ্ছে। চলমান বিধিনিষেধ কতটা শিথিল হবে তা প্রজ্ঞাপনে পরিষ্কার করা হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা।
আজ সোমবার (১২ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগ সূত্র জানায়, প্রধানমন্ত্রী কার্যালয় থেকে এ বিষয়ক নথি অনুমোদন হয়ে মন্ত্রিপরিষদ বিভাগে এসেছে। যে কোনো সময় জারি হবে প্রজ্ঞাপন।
আসছে ঈদে ঘরমুখো মানুষের যাতায়াতের সুবিধার জন্য স্বাস্থ্যবিধি মেনে যানবাহন চলাচলের অনুমতি দেওয়ার চিন্তা চলছে।
একই সঙ্গে শপিংমল, দোকানপাটসহ সবকিছু স্বাস্থ্যবিধি মেনে খোলা রাখা যাবে। এদিকে, কোরবানির পশু ক্রয়-বিক্রয় ও অফিস-আদালতের কার্যক্রম অনলাইনে চালানোর নির্দেশনা দেওয়া হয়েছে।


























