ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা, জনতারআদালত.কম । ১ নভেম্বর, ২০১৭ ।

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় নৌকাডুবির ঘটনায় তিন জেএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার কৃষ্ণনগর এলাকায় তিতাস নদে এ ঘটনা ঘটে। পাঁচজন নিখোঁজ।
নিহত দুই পরীক্ষার্থী হলো নাদিরা আক্তার ও সোনিয়া আক্তার। নাদিরা আক্তার বীরগাঁও ইউনিয়নের বাইশমোজা গ্রামের সৈয়দ হোসেনের মেয়ে এবং সোনিয়া আক্তার একই ইউনিয়নের নজরদৌলত গ্রামের শিশু মিয়ার মেয়ে। লাশ দুটি ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে রাখা হয়েছে।আরেকজনের নাম জানা যায়নি ।
জানা গেছে, আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে নবীনগর-আশুগঞ্জ সীমান্তের বীরগাঁও এলাকায় তিতাস নদীর তীরে প্রায় ১০০ পরীক্ষার্থী ও অভিভাবক বহনকারী একটি নৌকা ডুবে যায়। এ সময় পরীক্ষার্থী ও অভিভাবকরা সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও সাত জেএসসি পরীক্ষার্থী পানিতে ডুবে যায়। এরপরে সকাল ১০টা পর্যন্ত তিনজনকে মৃত অবস্থায় ও দুজনকে জীবিত উদ্ধার করা হয়। বাকি দুজন এখনও নিখোঁজ রয়েছেন।
ব্রাহ্মণবাড়িয়ার সহকারী পুলিশ সুপার (নবীনগর সার্কেল) চিত্তরঞ্জন পাল জানান, বুধবার থেকে শুরু হওয়া জেএসসি পরীক্ষার্থীর অংশ নিতে বিরগাঁও থেকে একটি নৌকায় প্রায় ৭০-৮০জন শিক্ষার্থী কৃষ্ণনগরে আসছিল। কৃষ্ণনগর ঘাটে নোঙ্গর করার একটু আগে নৌকাটি ডুবে ওই দুই জেএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়।


























