ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম ।।
সাকিব আল হাসানের স্পিন ঘূর্ণিতে হারারেতে প্রথম ওয়ানডেতে ১৫৫ রানের বিশাল ব্যবধানে জয় তুলে নিয়েছে বাংলাদেশ। ম্যাচ সেরা হয়েছে বাংলাদেশের হয়ে দুর্দান্ত সেঞ্চুরি করা লিটন দাস।
শুক্রবার হারারে স্পোর্টস ক্লাব মাঠে সিরিজের প্রথম ওয়ানডেতে শুরুতে ব্যাট করে ৯ উইকেট হারিয়ে ২৭৬ রানের বড় সংগ্রহ পায় বাংলাদেশ।
২৭৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ২৮ ওভার ৫ বল শেষে ১২১ রান দিয়ে সবকটি উইকেট তুলে নেয় বাংলাদেশ। ফলে ১৫৫ রানের বিশাল জয় পায় টাইগাররা।
টাইগার পেসারদের তোপে পড়ে জিম্বাবুয়ে দ্রুতই ৩ উইকেট হারিয়ে ফেলে। এরপরই একের পর এক আঘাত করতে থাকেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
ব্যাটিংয়ে নেমে দ্বিতীয় ওভারেই ওপেনার তাইদওয়ানশে মারুমাকে দলীয় ৪ রানের মাথায় শূন্য রানে ফেরান সাইফউদ্দিন। এরপর দলীয় ১৩ রানে দ্বিতীয় উইকেট হারায় জিম্বাবুয়ে। পঞ্চম ওভারের সময় আরেক ওপেনার ওয়েসলে মাধবেরেকে বোল্ড করেন তাসকিন আহমেদ।
দলীয় ৪৯ রানে শরীফুলকে পুল করতে গিয়ে ডিপ স্কয়ারে মোসাদ্দেক হোসেনের হাতে ক্যাচ দিয়ে ফেরেন ডিওন মায়ার্স। তিন পেসারের পর দলীয় ১৫তম ওভারে সাকিবের বলে তাসকিনকে ক্যাচ দিয়ে ফেরেন অধিনায়ক ব্রেন্ডন টেইলর।
এর মাধ্যমে মাশরাফি বিন মুর্তজাকে ছাড়িয়ে সাকিব ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ উইকেটের মালিক হয়ে যান। এছাড়া রায়ান বার্লকেও (৬) আফিফের তালুবন্দি করেছেন সাকিব। ১০৫ রানে জিম্বাবুয়ের ৫ উইকেটের পতন হয়। বল হাতে ৩ উইকেট নেওয়া লুক জঙওয়ে (০) রান-আউট হয়ে যান। এরপর মুজরাবানিকে (২) লেগ বিফোর উইকেটের ফাঁদে ফেলে তৃতীয় শিকার ধরেন সাকিব।
দ্রুত উইকেট পতনের মাঝেই ৪৭ বলে ঝড়ো ফিফটি তুলে নেন চাকাভা। সেই চাকাভাকে ৫৪ রানে ফিরিয়ে চার নম্বর শিকার ধরেন সাকিব। তার পঞ্চম শিকার রিচার্ড এনগ্রাভা (০)। ফিল্ডিংয়ের সময় চোট পেয়েছিলেন টিমিসেন মারুমা। তাঁর পক্ষে ব্যাট করা সম্ভব হয়নি। তাই ২৮.৫ ওভারে মাত্র ১২১ রানে থামে জিম্বাবুয়ে।
বাংলাদেশের হয়ে সাকিব ৫টি, সাইফউদ্দিন, তাসকিন ও শরিফুল প্রত্যেকে একটি করে উইকেট লাভ করেন।
এর আগে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠান জিম্বাবুয়ে অধিনায়ক টেইলর। প্রথম দিকে দ্রুত উইকেট হারালেও লিটন দাসের দুর্দান্ত সেঞ্চুরিতে স্বাগতিকদের সামনে ২৭৭ রানের লক্ষ্যমাত্রা দাঁড় করাতে সক্ষম হয় বাংলাদেশ।
স্বাগতিকদের হয়ে সর্বোচ্চ তিন উইকেট শিকার করেছেন জাঙ্গো। এছাড়া দুটি করে উইকেট পেয়েছেন মুজারাবানি ও এনগারাভা।


























