ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম , ১৬ জুলাই, ২০১৭ ।

রবিবার বাংলাদেশ সময় দুপুর ১২টা ৫০ মিনিটে খালেদা জিয়াকে বহনকারী অ্যামিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইট লন্ডনের হিথ্রো বিমানবন্দরে অবতরণ করে। খালেদা জিয়া সেখানে পৌছার আগেই বিমানবন্দরে ছেলে তারেক রহমানসহ যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীরা সেখানে গিয়ে অপেক্ষা করতে থাকেন। বিমানবন্দরে অবতরণের পর তারা খালেদা জিয়াকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান।
লন্ডন বিএনপির নেতাদের বরাত দিয়ে বিএনপি চেয়ারপার্সনের মিডিয়া উয়িং কর্মকর্তা সামসুদ্দিন দিদার জানান, তারেক রহমান নিজে গাড়ি চালিয়ে মা খালেদা জিয়াকে নিয়ে কিংসটন এলাকায় বাসার উদ্দেশে রওনা হন। বাসায় যাওয়ার আগে টার্মিনালে নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন খালেদা জিয়া।
বর্তমানে লন্ডনে বড় ছেলে ও বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বাসায় অবস্থান করছেন দলের চেয়ারপার্সন খালেদা জিয়া। দীর্ঘ প্রায় ২ বছর পর পরিবারের সদস্যদের সঙ্গে দেখা হয় তাঁর।
এসময় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাহিদুর রহমান, বিএনপি নেতা এম.এ. সালাম, যুক্তরাজ্য শাখার সভাপতি এম.এ. মালেক, সেক্রেটারি কয়সার এম. আহমেদ, জনাব আব্দুল হামিদ চৌধুরী, আবুল কালাম আজাদ, শাহীদুল ইসলাম মামুন, মিজবাহুজ্জামান সুহেল, খায়রুজ্জামান খসরু, রহিম উদ্দীন, ডালিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে শনিবার সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে অ্যামিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করেন। ঢাকা থেকে লন্ডনে যাওয়ার পথে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে তিনি যাত্রা বিরতি করেন।
সূত্রমতে, শুক্রবার দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ঢাকা থেকে এবং ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু ব্যাংকক থেকে লন্ডন গেছেন। এছাড়া যুক্তরাষ্ট্র থেকে ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকারও লন্ডনে যাওয়ার কথা রয়েছে।


























