spot_img

রোহিঙ্গা সংকট সমাধানে প্রধানমন্ত্রীর ৫ দফায় বিশ্বে জনমত সৃষ্টি হয়েছে : ওবায়দুল কাদের

ডেস্ক রিপোর্ট,  জনতারআদালত.কম । ২৫ সেপ্টেম্বর, ২০১৭ ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার রোহিঙ্গাদের বিষয়ে আন্তরিকতার সাথে কাজ করছে। এই সংকট সমাধানে তাঁর দেয়া ৫ দফা প্রস্তাব বিশ্বে জনমত সৃষ্টি করেছে।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নে তুমব্রো জিরো পয়েন্টে আজ রোহিঙ্গাদের মাঝে ত্রাণ বিতরণকালে এসব কথা বলেন।

তিনি বলেন, ‘গুটিকয়েক লোক রোহিঙ্গা ইস্যুকে ভিন্নখাতে প্রবাহিত করার অপচেষ্টায় নামলেও জনগণ ও বিশ্ব মিডিয়া তা প্রত্যাখ্যান করেছে। আমরাও কানে আনছিনা।’
মন্ত্রী বলেন, দেশের হাওর অঞ্চলের বন্যা, খরা, নানা দুর্যোগ মোকাবেলা করে রোহিঙ্গাদের পাশে থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। রোহিঙ্গা অনুপ্রবেশের পর থেকেই প্রধানমন্ত্রীর নির্দেশে মন্ত্রী, সেনাবাহিনীসহ প্রশাসনের লোকজন, সংসদ সদস্য, আওয়ামী লীগের কেন্দ্রীয় পর্যায় থেকে শুরু করে তৃণমূল নেতাকর্মীরা নির্যাতিত রোহিঙ্গাদের মানবিক সহায়তায় পাশে রয়েছে।

ওবায়দুল কাদের বলেন, রোহিঙ্গাদের ত্রাণ বিতরণে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের আইনের আওতায় আনা হবে। রোহিঙ্গাদের সাথে মানবিক আচরণ করে সর্বোচ্চ সহায়তা করা হচ্ছে। বাংলাদেশ সেনাবাহিনী পুরোদমে কাজ চালিয়ে যাচ্ছে।

তিনি জানান, ইতোমধ্যে রোহিঙ্গাদের জন্য ১২টি ত্রাণ পয়েন্ট ও ৮টি লংগরখানা খোলা হয়েছে, যা থেকে প্রতিদিনই সুষ্ঠুভাবে ত্রাণ বিতরণ ও খাবার সরবরাহ করা হচ্ছে।
মন্ত্রী বলেন, ‘রোহিঙ্গাদের স্বদেশে (মিয়ানমার) ফিরিয়ে নিতে প্রধানমন্ত্রী নিজেও কুটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছেন। আশা করছি রোহিঙ্গা সংকট সমাধান হবেই।’

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর, আওয়ামী লীগ কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহমান এমপি, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈহ্লা, জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, সাবেক জেলা পরিষদ সদস্য আবদুর রহিম চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো. ইসলাম বেবী, জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি ও আঞ্চলিক পরিষদ সদস্য আলহাজ্ব শফিকুর রহমান, কক্সবাজার জেলা আওয়ামী লীগ সভাপতি এড. সিরাজুল মোস্তফা, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চেয়ারম্যান, কক্সবাজার জেলা শ্রমিক লীগের সভাপতি জহিরুল ইসলাম ও কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ এ সময় উপস্থিত ছিলেন।

মন্ত্রী সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে অসহায় ১ হাজার রোহিঙ্গা পরিবারের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন এবং নাইক্ষ্যংছড়িতে রোহিঙ্গাদের ত্রাণবাহী ট্রাক উল্টে নিহত ১০ পরিবারে মাঝে আর্থিক সহায়তার নগদ ১ লাখ টাকা জেলা প্রশাসক দিলীপ কুমার বণিকের হাতে বুঝিয়ে দেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ