spot_img

রোহিঙ্গা পরিস্থিতি দেখতে মঙ্গলবার কক্সবাজার যাবেন প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম । ১০ সেপ্টেম্বর, ২০১৭ ।

 

রোহিঙ্গা পরিস্থিতি দেখতে মঙ্গলবার কক্সবাজার ও উখিয়ায় যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নির্যাতনের শিকার হয়ে মিয়ানমার থেকে নাফ নদী পেরিয়ে বাংলাদেশে স্রোতের মতো ভেসে আসা রোহিঙ্গাদের মানবিক সংকট দেখতে তিনি কক্সবাজার ও উখিয়ায় যাবেন।

প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে এই তথ্য জানা যায়।

ইতোমধ্যে গত দু’সপ্তাহে বাংলাদেশে কয়েক লাখ রোহিঙ্গা আশ্রয় নিয়েছে। জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনের দেয়া তথ্যানুযায়ী বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গার সংখ্যা এখন ২ লাখ ৯০ হাজারের বেশি।

মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর জাতিগত নিপীড়ন চলে আসছে কয়েক দশক ধরে। বিভিন্ন সময়ে সহিংসতার মুখে সেখান থেকে পালিয়ে এসে পাঁচ লাখের বেশি মানুষ বাংলাদেশে আশ্রয় নিয়ে আছে।

তাদের ফিরিয়ে নিতে বাংলাদেশের পক্ষ থেকে বার বার আহ্বান জানানো হলেও মিয়ানমার তাতে সাড়া দেয়নি।
সঙ্কট সমাধানে ২০১৬ সালের আগস্টে গঠিত হয় অ্যাডভাইজরি কমিশন অন রাখাইন স্টেট। জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনানের নেতৃত্বে ওই কমিশন এক বছরের তদন্তের চূড়ান্ত প্রতিবেদন মিয়ানমারের ক্ষমতাসীন দলের প্রধান অং সান সু চির কাছে জমা দেয় চলতি বছরের ২৪ আগস্ট।
এই প্রতিবেদন জমা দেয়ার কয়েক ঘণ্টা পরই ২৪ আগস্ট দিবাগত রাতে ত্রিশটি পুলিশ ও সেনাচৌকিতে রহস্যজনক হামলার ঘটনা ঘটে। হামলায় নিহত হয় নিরাপত্তা বাহিনীর ১২ সদস্য। তারপরই হামলার জন্য রোহিঙ্গা ‘জঙ্গি’দের দায়ী করে জবাব হিসেবে সেনাবাহিনী পুরো অঞ্চলে হত্যাযজ্ঞ শুরু করে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ