spot_img

রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের প্রতি কানাডার পূর্ণ সমর্থন

ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম । ২৩ নভেম্বর, ২০১৭ ।

রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের প্রতি কানাডার পূর্ণ সমর্থন থাকবে বলে আশ্বাস দিয়েছেন সফররত কানাডার আন্তর্জাতিক বিষয়ক মন্ত্রী মেরি ক্লাউড বিবেয়্যু।

কক্সবাজারে দুইদিন বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে আজ বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মা’য় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এই আশ্বাস প্রদান করেন।

বৈঠকে কানাডিয়ান মন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গে তার অভিজ্ঞতা বিনিময় করেন। এ সময় শাহরিয়ার কানাডার অব্যাহত রাজনৈতিক সমর্থন কামনা করেন, যাতে বলপূর্বক বাস্তুচ্যূত মিয়ানমারের নাগরিকদের সহজ প্রত্যাবাসন নিশ্চিত হয়।

মিয়ানমারের সেনাবাহিনীর নির্যাতনের কারণে গত ২৫ আগস্ট থেকে সে দেশের রাখাইন রাজ্যের ৬ লাখ ২২ হাজারেরও বেশি রোহিঙ্গা সীমান্ত অতিক্রম করে কক্সবাজার জেলায় আশ্রয় গ্রহণ করে।

প্রতিমন্ত্রী শাহরিয়ার ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের পর পরই বাংলাদেশের বিধ্বস্ত অর্থনীতির পুনর্গঠনে কানাডার অব্যাহত উন্নয়ন সহযোগিতার কথা গভীরভাবে স্মরণ করেন।

তিনি বলেন, জাতিসংঘ সাধারণ পরিষদের ৭২তম অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রস্তাবিত ৫-দফা প্রস্তাবের আলোকে বাংলাদেশ অতি দ্রুত মিয়ানমারের রোহিঙ্গা জনগণের প্রত্যাবাসনের দিকে তাকিয়ে আছে।

বাংলাদেশে নিযুক্ত কানাডার হ্ইাকমিশনার বেনুইট প্রিফোনটেইনি, কানাডায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মিজানুর রহমান ও মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে কানাডার আন্তর্জাতিক উন্নয়ন ও লা ফ্রানকোফোনি মন্ত্রীর সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মোস্তফা কামাল।

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় কমিটির চেয়ারপার্সন ডা. দীপু মনি, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি মধ্যাহ্নভোজে যোগ দেন।

তারা এ সময় বাংলাদেশে আর্থ-সামাজিক ক্ষেত্রে অর্জন ও দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ