spot_img

রোহিঙ্গাদের স্বদেশ প্রত্যাবর্তনে আন্তর্জাতিক সম্প্রদায়কে দায়িত্ব নিতে হবে : রওশন

ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম । ১৮ সেপ্টেম্বর, ২০১৭ ।

বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ বলেছেন, দেশত্যাগী রোহিঙ্গাদের স্বদেশ প্রত্যাবর্তনের সুযোগ সৃষ্টিতে আন্তর্জাতিক সমাজকে দায়িত্ব নিতে হবে।

তিনি বলেন, মিয়ানমারের শাসন ক্ষমতার নিয়ন্ত্রক সামরিক বাহিনীকে সামাল দিতে শুধু প্রতিবাদ বা নিন্দা জ্ঞাপন নয়, সে দেশের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়কে চাপও বাড়াতে হবে।

আজ দুপুরে বক্সবাজার জেলায় উখিয়ার কুতুপালং-এ রোহিঙ্গা শরানার্থী ক্যাম্প পরিদর্শন ও ত্রাণ বিতরণকালে রওশন এরশাদ এ কথা বলেন।

বিরোধীদলীয় নেতার কার্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয় এ সময় রওশন এরশাদ আরো বলেন, ১০ লাখ রোহিঙ্গা শরণার্থীকে স্থায়ীভাবে আশ্রয়দান ও তাদের খাবার সংস্থানের সামর্থ্য বাংলাদেশের নেই। বাংলাদেশ অর্থনৈতিকভাবে বহু সমস্যায় জর্জরিত। এখানে চরম বেকার সমস্যা ছাড়াও কিছুটা খাদ্য ঘাটতি দেখা দিয়েছে। তার ওপর শরণার্থীর চাপ। জাতি হিসেবে মানবিক দিক থেকে বাংলাদেশীরা অত্যন্ত সংবেদনশীল। জংলি বর্মিদের অত্যাচারে বাংলাদেশ মুখ ফিরিয়ে থাকতে পারে না। পুরো দেশ আজ তাদের পাশে এসে দাড়িয়েছে। তিনি দেশের বিত্তবানদের রোহিঙ্গাদের পাশে থাকার অনুরোধ জানান।

রওশন এরশাদ বলেন, কফি আনান কমিশন যে সুপারিশ করেছে তা মিয়ানমারকেই বাস্তবায়ন করতে হবে। কফি আনান কমিশন মিয়ানমার সরকারই গঠন করেছে। বাংলাদেশে যারা আশ্রয় নিয়ে দীর্ঘদিন যাবৎ আছে এবং এখন যারা এসেছে, তাদের প্রত্যেক নাগরিককে মিয়ানমারকেই ফিরিয়ে নিতে হবে। কারণ এ সমস্যা মিয়ানমার সৃষ্টি করেছে। এ সমস্যার সমাধানও মিয়ানমারকেই করতে হবে।

বিরোধীদলীয় নেতা বলেন, মিয়ানমারের শান্তি, স্থিতিশীলতা এবং জাতীয় ঐক্য প্রতিবেশী হিসেবে বাংলাদেশের মানুষের কাছে প্রত্যাশিত। কিন্তু গুটি কয়েক সন্ত্রাসীর অপরাধের দায় নিরীহ মানুষের ওপর চাপানোর যে ভ্রান্তিতে সে দেশের সরকার ভুগছে তা দূর্ভাগ্যজনক। মিয়ানমারের জাতীয় ঐক্যের স্বার্থেই এ ভুল পথ থেকে তাদের সরে আসার আহ্বান জানান তিনি।

পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা এমপি, কাজী ফিরোজ রশীদ এমপি, ফখরুল ইমাম এমপি, বিরোধীদলীয় হুইপ নুরুল ইসলাম ওমর এমপি, হাজী ইলিয়াস এমপি, অধ্যাপক নুরুল ইসলাম মিলন এমপি, সালাহউদ্দিন আহমেদ মুক্তি এমপি, ইঞ্জিনিয়ার মামুনুর রশিদ এমপি, মুনিম চৌধুরী বাবু এমপি, জিয়াউল হক মৃধা এমপি, ইয়াহিয়া চৌধুরী এমপি, মাহজাবীন মোরশেদ এমপি ও খোরশেদ আরা হক এমপি ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ