ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম ।।
সদ্য শেষ হওয়া চীন সফর নিয়ে আগামীকাল রোববার সংবাদ সম্মেলনে কথা বলবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার (জুলাই ১৩) প্রধানমন্ত্রীর প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, রোববার বিকেল ৪টায় গণভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
এর আগে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আমন্ত্রণে সোমবার বেইজিং সফরে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং বলেন, বাংলাদেশের উন্নয়ন-অগ্রযাত্রায় চীনের সহযোগিতা অব্যাহত থাকবে। বিনিয়োগ আরও বাড়ানোর পাশাপাশি চারটি ক্ষেত্রে বাংলাদেশকে সহযোগিতার ব্যাপারে আশ্বস্ত করেছেন তিনি।
প্রধানমন্ত্রীর এই সফরের মধ্যদিয়ে বাংলাদেশ ও চীনের মধ্যে ৭টি ঘোষণাপত্র ও ২১টি সমঝোতা স্মারক সই হয়েছে। গত বুধবার স্থানীয় সময় বেলা ১১টায় বেইজিংয়ের ‘গ্রেট হল অব দ্য পিপলে’ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের উপস্থিতিতে দু’দেশের মধ্যে এসব সমঝোতা ও ঘোষণাপত্র সই হয়। এর আগে সেখানে দু’দেশের প্রতিনিধিদের নিয়ে দ্বিপাক্ষিক বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও লি কিয়াং।
সমঝোতা স্মারকগুলো হচ্ছে- ডিজিটাল অর্থনীতিতে বিনিয়োগ সহযোগিতা জোরদার করার বিষয়ে সমঝোতা স্মারক, চায়না ন্যাশনাল ফাইন্যান্সিয়াল রেগুলেটরি অ্যাডমিনিস্ট্রেশন (এনএফআরএ) এবং বাংলাদেশ ব্যাংকের মধ্যে ব্যাংকিং এবং বীমা নিয়ন্ত্রণ সংক্রান্ত সমঝোতা স্মারক, বাংলাদেশ থেকে চীনে তাজা আম রপ্তানির জন্য উদ্ভিদ স্বাস্থ্য সম্পর্কিত (ফাইটোস্যানিটারি) উপকরণ বিষয়ে একটি প্রটোকল, অর্থনৈতিক উন্নয়ন নীতি সহায়তা ক্ষেত্রে একটি সমঝোতা স্মারক, বাণিজ্য এবং বিনিয়োগ সহায়তা বিষয়ে একটি সমঝোতা স্মারক।


























