spot_img

রাজধানীতে জাল পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট প্রস্তুতকারী চক্রের ৫ সদস্য গ্রেফতার

ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম । ০৫ অক্টোবর, ২০১৭ ।

 

ঢাকা মহানগর পুলিশের সিরিয়াস ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের একটি দল বুধবার রাতে রাজধানীর ফকিরাপুলে অভিযান চালিয়ে জাল পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট (পিসিসি) ও নকল সীল প্রস্তুতকারী চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃতরা হচ্ছে-মো: আব্দুল বারিক, মো: মোহাম্মদ আলী, মো: সাব্বির হোসেন, মো: শহিদুল হক নিজাম ও মো: মোরশেদ ভূঁইয়া।

আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) মিডিয়া সেন্টারে এ বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিবি’র যুগ্ম পুলিশ কমিশনার মো: আব্দুল বাতেন বলেন, গোপন সূত্রে খবর পেয়ে বুধবার রাতে নগরীর ফকিরাপুলের একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদেও গ্রেফতার করা হয়।

এসময় তাদের কাছ থেকে মন্ত্রণালয়, বিভিন্ন জেলার পুলিশ সুপার ও বিভিন্ন থানার অফিসার ইনর্চাজের সীলসহ মোট ৫৭৭ টি নকল সীল, ১৪৫০ টি জাল পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, ২টি কম্পিউটার এবং একটি প্রিন্টার উদ্ধার করা হয়।

তিনি জানান,গ্রেফতারকৃতরা উন্নত তথ্য প্রযুক্তি ব্যবহার করে সুক্ষ্মভাবে পুলিশ ক্লিয়ারেন্সের জাল সার্টিফিকেট বিভিন্ন মাধ্যমে ট্রাভেল এজেন্সিতে সরবরাহ করার জন্য তৈরী ও মজুদ করেছে।

তিনি বলেন- পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ন সনদপত্র। এর মাধ্যমে নাগরিকের ব্যাকগ্রাউন্ড কি তা যাচাই করা যায়। বিদেশ যাওয়ার পর ওই দেশের আইন প্রয়োগকারী সংস্থা এই সার্টিফিকেট এর মাধ্যমে সে ব্যক্তির চরিত্র সম্পর্কে জানতে পারে। কিছু অসাধু ট্রাভেল এজেন্সী বিদেশে পাঠানোর ক্ষেত্রে চুক্তির মাধ্যমে জাল পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট করে থাকে।

আব্দুল বাতেন আরও বলেন,পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট নিতে কোন হয়রানি হতে হয় না। যেকেউ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট পেতে পারে। এই সার্টিফিকেট পেতে হলে প্রথমে সরকারী খাতে ৫০০ টাকা ব্যাংকে জমা দিয়ে টাকার রশিদসহ পুলিশ সুপারের অফিস বরাবর আবেদন করতে হবে।

এরপর নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে গ্রাহককে সার্টিফিকেট দেয়া হয়ে থাকে। এখানে ঝামেলার কোন বিষয় নেই।

এসময় তিনি পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট সঠিক উপায়ে পুলিশের মাধ্যমে সংগ্রহ করার জন্য সকলের প্রতি আহবান জানান।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ